মেহেরপুরে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুর

ভাঙচুর করা আনারস প্রতীকের নির্বাচনী কার্যালয়। আজ শনিবার মেহেরপুরের আমঝুপি বাজার এলাকায়
ছবি: প্রথম আলো

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে স্বতন্ত্র (আনারস প্রতীক) চেয়ারম্যান প্রার্থী আসিফ আজিমের অস্থায়ী নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাতে আমঝুপি হাট এলাকায় আনারস প্রতীকের ওই নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর চালানো হয়।

আনারস প্রতীকের প্রার্থী আসিফ আজিমের অভিযোগ, নৌকা প্রতীকের কর্মী-সমর্থকেরা রাতের কোনো এক সময়ে নির্বাচনী কার্যালয় ভাঙচুর করেন। এ ঘটনায় আসিফ আজিম নির্বাচন কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

গতকাল রাতে দুর্বৃত্তরা সেখানে পোস্টার ছিঁড়ে ফেলে ও ভাঙচুর চালায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আসিফ আজিমের ছোট ভাই আকরামুল আজিম বলেন, এ ঘটনার আগে নৌকার কর্মীরা কার্যালয়ে এসে হুমকি-ধমকি দেন। নির্বাচনী প্রচারে বাধা দেন। কর্মীদের গ্রামছাড়া করার হুমকি দেন তাঁরা। তাঁরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বিনষ্ট করছেন।

অভিযোগের বিষয়ে জানতে নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান বোরহান উদ্দিন চুন্নুর মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ধরেননি।

আমঝুপি ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবদুল আজিজ বলেন, এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান বলেন, আমঝুপি বাজার এলাকায় হাট যেখানে বসে, সেখানে স্বতন্ত্র প্রার্থী আজিমের নির্বাচনী প্রচার কার্যালয় রয়েছে। গতকাল রাতে দুর্বৃত্তরা সেখানে পোস্টার ছিঁড়ে ফেলে ও ভাঙচুর চালায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ আমলে নিয়ে তদন্ত চলছে।