মেহেরপুর আ.লীগের সম্মেলন, আবারও সভাপতি ফরহাদ, সম্পাদক খালেক

সভাপতি ফরহাদ হোসেন (বাঁয়ে) এবং সাধারণ সম্পাদক এম এ খালেক (ডানে)
ছবি: সংগৃহীত

দীর্ঘ সাত বছর মেহেরপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি পদে আবারও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবং সাধারণ সম্পাদক পদে এম এ খালেক নির্বাচিত হয়েছেন। আজ সোমবার বিকেলে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন প্রধান অতিথি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেকের সঞ্চালনায় সম্মেলনে স্বাগত বক্তব্য দেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। মেহেরপুরের শহীদ সামসুজ্জোহা পার্কে বেলা ১১টায় শুরু হওয়া সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য বি এম মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সংসদ সদস্য আমিনুল আলম, পারভীন জামান কল্পনা, গ্লোরিয়া ঝর্ণা ও মোহাম্মদ সাহিদুজ্জামান।

সম্মেলনের শুরুতে আওয়ামী লীগের নেতারা বর্তমান সরকারের সফলতা তুলে ধরেন। তাঁরা চলমান উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বে আবারও ক্ষমতায় আসার জন্য নেতা-কর্মীদের সক্রিয় থাকার নির্দেশ দেন। এ সময় ভার্চ্যুয়াল মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘পি কে হালদার আওয়ামী লীগের কেউ না। দলে পি কে হালদারদের মতো লোকের জায়গা হবে না।’ পি কে হালদারসহ অর্থ পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের তালিকা প্রকাশ করার যে কথা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার সমালোচনা করেন ওবায়দুল কাদের।

সাত বছর পরে মেহেরপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়ে। সোমবার শহরের শহীদ শামসুজ্জোহা পার্কে

মির্জা ফখরুলের উদ্দেশে কাদের বলেন, ‘ফখরুল সাহেব, আপনি কালো চশমা পরে বক্তব্য রাখছেন। অর্থ পাচারের আসামি বিএনপি নেত্রী ও আপনাদের মা, বিএনপির ভাইস চেয়ারম্যান এই তালিকার শীর্ষে আছেন। আওয়ামী লীগের কেউ অর্থ পাচার করলে শেখ হাসিনা কাউকে ছাড় দেন না। এর জ্বলন্ত উদাহরণ ফরিদপুর।’ মির্জা ফখরুলকে সতর্ক করে তিনি বলেন, ‘তথ্যপ্রমাণ ছাড়া কোনো কথা বলবেন না। খুব বাড়াবাড়ি করছেন আপনি। প্রধানমন্ত্রীর নামটি উচ্চারণের সময়ও সম্মান দেখান না আপনি।’

সম্মেলনে বাহাউদ্দিন নাছিম বলেন, বর্তমান সরকার বাংলাদেশকে উন্নয়নের চরম শিখরে নিয়ে গেছে। শেখ হাসিনা সরকারকে আবারও ক্ষমতায় এনে মানুষের জীবনমান পাল্টে দিতে হবে।

এদিকে সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা বিরাজ করছিল। নেতৃত্বের সমর্থনে ব্যানার-ফেস্টুন, বিলবোর্ডে ছেয়ে যায় শহর। সামাজিক যোগাযোগমাধ্যমেও সমর্থন জানিয়েছেন বিভিন্ন নেতার অনুসারীরা। এবারের সম্মেলনে কে সভাপতি বা সাধারণ সম্পাদক হবেন, তা নিয়ে তৃণমূল থেকে শুরু করে জেলা পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক জল্পনাকল্পনা চলছিল।