কুমিল্লা সিটি নির্বাচন

মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নিয়ে দ্বৈত নীতি বিএনপির

বিএনপি নির্বাচন বয়কট করলেও ৯ কাউন্সিলর প্রার্থীকে পদ দিয়ে পুরস্কৃত করেছে। তবে মেয়র প্রার্থীদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বিএনপি
বিএনপি

বিএনপি কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন বয়কট করলেও ৯ কাউন্সিলর প্রার্থীকে পদ দিয়ে পুরস্কৃত করেছে। দলের অপর কাউন্সিলর প্রার্থীদের বিষয়ে কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। উল্টো মেয়র প্রার্থী মো. মনিরুল হক ও মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সারকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে।

দলের অনেক নেতা–কর্মীকে প্রশ্ন—সিটি নির্বাচনে অংশ নিয়ে কেউ বহিষ্কৃত হবে, কেউ পুরস্কৃত হবে, এমন দ্বৈত নীতি থাকবে কেন?

১৫ জুন ইভিএমে কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন হবে।

দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনে বিএনপি ও অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত ২০ জন প্রার্থী হয়েছেন। এর মধ্যে মেয়র পদে দুজন প্রার্থী হয়েছেন। সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন ১৭ জন। সংরক্ষিত ওয়ার্ডে প্রার্থী হয়েছেন একজন। প্রার্থী হওয়ার পর গত ১৯ মে মেয়র প্রার্থী কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও টানা দুইবারের মেয়র মো. মনিরুল হক ও কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিনকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হয়। তবে ৩০ মে কেন্দ্রীয় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত কুমিল্লা মহানগর বিএনপির ৪৪ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে সিটি নির্বাচনে অংশ নেওয়া ৯ কাউন্সিলর প্রার্থীকে দলের পদ দেওয়া হয়।

২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. বিল্লালকে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবদুল্লাহ আল মোমেনকে সদস্য, ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রাজিউর রহমানকে যুগ্ম আহ্বায়ক ও একই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. সাখাওয়াত উল্লাহকে মহানগর বিএনপির সদস্য, ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সেলিম খানকে যুগ্ম আহ্বায়ক, ২১ নম্বর ওয়ার্ডের হারুনুর রশিদকে সদস্য, ২২ নম্বর ওয়ার্ডের শাহআলম মজুমদারকে যুগ্ম আহ্বায়ক, ২৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী নাছিরউদ্দিনকে সদস্য এবং সংরক্ষিত আসনের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী কোহিনুর আক্তারকে সদস্য রাখা হয়।

এ ছাড়া আরও ৯ জন নির্বাচন করছেন। তাঁরা হলেন ৩ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ওয়ার্ড বিএনপির সভাপতি মো. এনামুল হক ভূঁইয়া, বিএনপি কর্মী মো. স্বপন আলী, ৯ নম্বর ওয়ার্ডে বিএনপির সদস্য মো. মিজানুর রহমান, ১৭ নম্বর ওয়ার্ডে মহানগর মত্স্যজীবী দলের আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, ২১ নম্বর ওয়ার্ডে যুবদল নেতা কাজী মাহবুবুর রহমান, ২৪ নম্বর ওয়ার্ডে বিএনপি নেতা মো. মুহিবুর রহমান, ২৫ নম্বর ওয়ার্ডে সদর দক্ষিণ উপজেলা যুবদলের সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি মো. খলিলুর রহমান মজুমদার, ২৬ নম্বর ওয়ার্ডে ওয়ার্ড বিএনপির সহসভাপতি মো. কামাল হোসেন ও ২৭ নম্বর ওয়ার্ডে বিএনপির সদস্য জামাল উদ্দিন আহমেদ চৌধুরী।

২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও নবগঠিত মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. বিল্লাল বলেন, ‘এখন দল কী করল সেটি ভাবছি না।’

মো. মনিরুল হক বলেন, ‘কুমিল্লাবাসী ও তৃণমূলের নেতা–কর্মীদের চাপে দল থেকে পদত্যাগ করে নির্বাচন করছি। এখন মেয়র পদে নির্বাচন করে আমি বহিষ্কৃত হলাম। অন্য পদে যাঁরা নির্বাচন করছেন, তাঁরা পুরস্কৃত হলো। নির্বাচনে প্রতীক বরাদ্দ ও প্রচারণা শুরু হওয়ার পর তাঁদের দলের পদ দেওয়া হলো। এখন কী বলব, বলুন?’

এ প্রসঙ্গে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগীয়) মোস্তাক মিয়া বলেন, ‘বিএনপি এই সরকারের আমলে কোনো নির্বাচনে যাবে না। আমরা এই নির্বাচন কমিশনও মানি না। ইভিএমও মানি না। এ কারণে সিটি নির্বাচনে অংশ নেওয়া মেয়র প্রার্থীদের আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হয়। তবে যাঁরা কাউন্সিলর প্রার্থী হয়েছেন, দল থেকে তাঁদের শোকজ করা হবে।’

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক টিমের প্রধান আবুল খায়ের ভূঁইয়া বলেন, ‘আমাদের কাজ কমিটি করে দেওয়া। এখন দলের পদধারী কারা নির্বাচন করছেন, এ বিষয়ে আমি কিছু বলতে পারব না।’