কালাই পৌরসভা উপনির্বাচন

মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী তৌফিকুল ইসলাম

তৌফিকুল ইসলাম তালুকদার
ছবি: সংগৃহীত

জয়পুরহাটের কালাই পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তৌফিকুল ইসলাম তালুকদার। আজ শনিবার তিনি দলীয় মনোনয়নের চিঠি পেয়েছেন।

তৌফিকুল ইসলাম কালাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এর আগে তিনি ২০১১ সালে কালাই পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছিলেন। তৌফিকুল ইসলাম আজ দুপুরে মুঠোফোনে বলেন, ‘আমি ঢাকায় আছি। মেয়র পদে আমাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। দলীয় মনোনয়নের চিঠিটি হাতে পেয়েছি।’

জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী জানান, জেলা কমিটি কালাই পৌরসভার মেয়র পদে তৌফিকুল ইসলামের নাম প্রস্তাব করে কেন্দ্রে পাঠিয়েছিল। আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড তাঁকে দলীয় মনোনয়ন দিয়েছে।

আজ শনিবার আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত দলীয় মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে।

গত ৫ ফেব্রুয়ারি কালাই পৌরসভা মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার হালিমুল আলমের মৃত্যুর পর মেয়রের পদটি শূন্য হয়। আগামী ডিসেম্বর পর্যন্ত মেয়র পদের মেয়াদ ছিল। বর্তমানে কাউন্সিলর লিলি বেগম ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।

উপজেলা কর্মকর্তা আবুল কালাম জানান, আগামী ১০ অক্টোবর কালাই পৌরসভার মেয়র পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ১৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ১৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই। ২৩ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।