মৌলভীবাজারে বাস উল্টে এক পুলিশ সদস্য নিহত, আহত ১০

মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর গোলচত্বরে গতকাল শনিবার একটি বাস উল্টে যায়
প্রথম আলো

ঢাকা-সিলেট মহাসড়কের মৌলভীবাজার সদর উপজেলায় যাত্রীবাহী একটি বাস উল্টে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় ২ পুলিশ সদস্যসহ আরও ১০ জন আহত হয়েছেন। শেরপুর গোলচত্বরে আজ রোববার ভোররাত পৌনে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম রাগিব আলী (২৩)। তাঁর বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজারে। তিনি শেরপুর হাইওয়ে থানায় কনস্টেবল ছিলেন।

থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহ থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী বাস এসডি জালালাবাদ দুর্ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বাসটি শেরপুর গোলচত্বরে আঘাত করে। এরপর বাসটি উল্টে একটি ট্রাকের ওপর পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে বাসের নিচে চাপা পড়ে শেরপুর হাইওয়ে থানা-পুলিশের কর্তব্যরত ৩ সদস্যসহ অন্তত ১১ জন আহত হন।

খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় আহত ব্যক্তিদের উদ্ধার করে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পর রাগিব আলী মারা যান। আহত অন্য দুই পুলিশ সদস্য হলেন কামরান (২৩) ও আনিসুল (২৪)। আহত অন্য ব্যক্তিদের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তাঁদের সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল দেব বলেন, ধারণা করা হচ্ছে, ব্রেক ফেল করে বাসটি প্রথমে গোলচত্বরে উঠে যায়। এরপর ট্রাকের ওপর উল্টে পড়ে। আহত ব্যক্তিদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত পুলিশ সদস্যের লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।