
ময়মনসিংহ বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩০৫ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
গতকাল মঙ্গলবার সকাল থেকে আজ বুধবার সকাল পর্যন্ত ৯০২ জনের নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩৩ দশমিক ৪৮। এর আগের দিন বিভাগে ৯০১ জনের নমুনা পরীক্ষায় ৩৪২ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্ত হয়েছিল ৩৮ শতাংশ। তবে ওই সময়ে বিভাগে করোনায় কেউ মারা যাননি।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৩০৫ জনের মধ্যে ময়মনসিংহ জেলায় সর্বোচ্চ ১৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ৩৪ দশমিক ৬৪ শতাংশ। এ ছাড়া নেত্রকোনায় নতুন শনাক্ত ৪৮ জন, শনাক্তের হার ৩৫ শতাংশ। জামালপুরে নতুন শনাক্ত ২০ জন, শনাক্তের হার ১৪ দশমিক ৫৯। শেরপুরে নতুন শনাক্ত ৪৩ জন, শনাক্তের হার ৩৪ দশমিক ১২। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে বিভাগের নেত্রকোনায় একজনের মৃত্যু হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১ দিনে করোনায় আক্রান্ত নতুন ৩৬ রোগী ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৬ জন। করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে কেউ মারা না গেলেও করোনার উপসর্গ নিয়ে চারজন মারা গেছেন।