
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় করোনায় ১৬ জন এবং উপসর্গ নিয়ে আরও ১৪ জনসহ মোট ৩০ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা এটি।
৩০ জনের মধ্যে ১২ জন ময়মনসিংহ জেলার বাসিন্দা। বাকি ১৮ জন অন্যান্য জেলার বাসিন্দা। এর পূর্বে গত বোরবার সর্বোচ্চ ২৩ জনের মৃত্যু হয়েছিল।
আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করে করোনা ইউনিটের ফোকাল পারসন মহিউদ্দিন খান বলেন, গতকাল বৃহস্পতিবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় ওই ৩০ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ২২ জন পুরুষ ও ৮ জন নারী। বর্তমানে আইসিইউতে ২৩ জনসহ মোট ৫২৫ জন রোগী করোনা ইউনিটে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে গতকাল নতুন করে ভর্তি হয়েছেন ৫১ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৭ জন।
করোনায় আক্রান্তে মৃত ব্যক্তিরা হলেন ময়মনসিংহ সদরের আবদুল সালাম, মো. সিরাজুল হক, ভালুকা উপজেলার আবদুল হামিদ, মুক্তাগাছা উপজেলার নুরুল হক, আছিয়া খাতুন, নেত্রকোনা সদরের পুষ্পা, সাদেক, মদন উপজেলার মাহবুব, কলমাকান্দা উপজেলার আবদুল মজিদ, পূর্বধলা উপজেলার আবদুল করিম, আটপাড়া উপজেলার মাহমুদুল হাসান, জামালপুর সদরের আবদুল মজিদ, হাজেরা বেগম, টাঙ্গাইল মধুপুর উপজেলার আবদুল সামাদ, সফিপুর উপজেলার সানোয়ার হোসেইন এবং গাজীপুর শ্রীপুরের সিরাজুল ইসলাম।
এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা হলেন ময়মনসিংহ সদরের শাহাবুদ্দিন, আবদুর রহিম, তারাকান্দা উপজেলার নূরজাহান, হোসেন আলী, ফুলপুর উপজেলার মুজিবুর রহমান, হালুয়াঘাট উপজেলার সাইয়িদ আলী, নান্দাইল উপজেলার নজরুল ইসলাম, নেত্রকোনা মদন উপজেলার আছিয়া, পূর্বধলা উপজেলার সালেমা, দুর্গাপুর উপজেলার আবদুর রশীদ, জামালপুর সরিষাবাড়ী উপজেলার মজেদা বেগম, দেওয়ানগঞ্জ উপজেলার ইমাম হোসেন, শেরপুর সদরের ফিরোজা এবং সুনামগঞ্জ জামালগঞ্জের সুধারঞ্জন সরকার।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহে গতকাল ১ হাজার ৭১১টি নমুনা পরীক্ষা করে নতুন করে ৪০২ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৯৩ জন এবং মৃত্যু হয়েছে ১৮৪ জনের। বর্তমানে ৪ হাজার ৪৩৬ জন আইসোলেশনে আছেন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১২ হাজার ৩৪৯ জন।