
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও এর উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে একজন করোনায় এবং দুজন করোনার উপসর্গে মারা গেছেন। মৃত ব্যক্তিদের মধ্যে ময়মনসিংহ জেলার দুজন এবং শেরপুর জেলার একজন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত সময়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। চলতি সেপ্টেম্বরে এ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও এর উপসর্গে ৪৭ জনের মৃত্যু হয়েছে। এর আগে জুলাইয়ে করোনা ও এর উপসর্গে ৪৮২ জন এবং আগস্টে ৪১৯ জনের মৃত্যু হয়েছিল এই হাসপাতালে।
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মনোহর (৬৫) করোনায় এবং ময়মনসিংহ সদরের বিবেকানন্দ (৮১) ও শেরপুর সদরের নূরজাহান (৪০) করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।
ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকাল পারসন মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১১ জনসহ আজ সকাল পর্যন্ত ভর্তি আছেন ১০৩ জন। তাঁদের মধ্যে আইসিইউতে ১১ জন চিকিৎসাধীন।
জেলার সিভিল সার্জন নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ১১০টি নমুনা পরীক্ষায় ১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১২ দশমিক ৭৩। আজ সকাল পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৫৩৮ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ১৭৫ জন। জেলায় করোনায় মোট ২৭৯ জনের মৃত্যু হয়েছে।