
যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে বন্দী এক কিশোরের মৃত্যু হয়েছে। জ্বর–শ্বাসকষ্ট নিয়ে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আজ মঙ্গলবার দুপুরের দিকে তার মৃত্যু হয়।
মারা যাওয়া ওই কিশোরের নাম সিরাজ উদ্দিন (১৫)। সে নীলফামারীর ডোমার উপজেলার গোসাইগঞ্জ গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক মঞ্জুরুল হাসান বলেন, কিশোর সিরাজ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তিন দিন আগে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার মা–বাবা হাসপাতালে উপস্থিত ছিলেন। হাসাপাতালে চিকিৎসাধীন আজ তাঁর মৃত্যু হয়।
মঞ্জুরুল হাসান বলেন, সিরাজ জ্বর, শ্বাসকষ্ট, রক্তস্বল্পতা ও জন্ডিসে আক্রান্ত ছিল বলে চিকিৎসকেরা জানিয়েছেন। মারা যাওয়ার পর তার মা–বাবার কাছে লাশ হস্তান্তর করা হয়। দুপুরেই অ্যাম্বুলেন্সযোগে তাঁরা মৃতদেহ নীলফামারী জেলায় নিজ বাড়িতে নিয়ে গেছেন।
খুলনা, রাজশাহী ও বরিশাল বিভাগের অন্তত ৩০ জেলা থেকে আদালতের মাধ্যমে বিভিন্ন অপরাধে জড়িত শিশুদের সংশোধনের জন্য যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়। এই কেন্দ্রে ১৫০ শিশু রাখার ধারণক্ষমতা থাকলেও সব সময় দ্বিগুণ শিশু থাকে। আজ ৩০০ শিশু বন্দী রয়েছে। যে কারণে তাদের খাবার ও আবাসন নিয়ে নানা ধরনের অব্যবস্থাপনার অভিযোগ রয়েছে।
কেন্দ্র সূত্রে জানা গেছে, নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় চলতি বছরের ১৫ মার্চ নীলফামারী আদালত সিরাজকে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠান। ২৮ মে তার জ্বর ও শ্বাসকষ্ট শুরু হলে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল।