কুমিল্লা নগর ও জেলা সদরের অন্যতম প্রাণকেন্দ্র কান্দিরপাড় এলাকায়ও ঘিঞ্জি পরিবেশ।

কুমিল্লা সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন। সিটি মেয়র মো. মনিরুল হক সাক্কু ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আর ১০ নম্বর ওয়ার্ডে রয়েছে শহরের ঐতিহ্যবাহী সব স্থাপনা, নগর ভবন, নামকরা সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি বেশির ভাগ দপ্তর।
তবে নগরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই তিন ওয়ার্ডের অন্যতম প্রধান সমস্যা যানজট। যানজটে প্রতিনিয়ত নগরবাসীকে ভোগান্তি পোহাতে হয়। তার ওপর ফুটপাত দখল করে খুদে ব্যবসায়ীদের ব্যবসা করাও আরেক সমস্যা। গড়ে উঠেছে অপরিকল্পিতভাবে বহুতল ভবনও। কুমিল্লা নগর ও জেলা সদরের অন্যতম প্রাণকেন্দ্র কান্দিরপাড় এলাকায় ঘিঞ্জি পরিবেশ। এসব জঞ্জাল অপসারণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি ওয়ার্ডগুলোর বাসিন্দাদের। আগামী ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন হবে।
ঝাউতলা, বাগিচাগাঁও, পুলিশ লাইনস এলাকার কিছু অংশ, তালপুকুর পাড়, বাদুরতলা, নজরুল অ্যাভিনিউ, কান্দিরপাড় পূবালী চত্বরের পশ্চিম পাশ ও ধর্মসাগরপাড় এলাকা নিয়ে ১০ নম্বর ওয়ার্ড। এ ওয়ার্ডের পূবালী চত্বর, নগর ভবন, ধর্মসাগরপাড় দক্ষিণ মোড়, মুন হাসপাতাল, জেলখানা এলাকা, ওয়াইডব্লিউসিএ স্কুল এলাকায় ছুটির দিন ব্যতীত সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত যানজট লেগে থাকে। দেশের বিখ্যাত সব ব্র্যান্ডের ফ্যাশন হাউজ, জেলা প্রশাসকের দপ্তর, পুলিশ সুপারের দপ্তর, নগর ভবন, জেলা পরিষদ, কুমিল্লা জিলা স্কুল, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, আওয়ার লেডি অব ফাতিমা গালর্স হাইস্কুল, ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হল, কুমিল্লা ক্লাব, ফরিদা বিদ্যায়তন, বেসরকারি বেশির ভাগ হাসপাতাল, সিটি মার্কেট, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, নগর উদ্যান, ঐতিহাসিক ধর্মসাগর, স্টেডিয়াম ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি এ ওয়ার্ডে। তবে সড়কের তুলনায় যানবাহনের সংখ্যা বেশি হওয়ায় যানজট লেগে থাকে। এ ওয়ার্ডে রয়েছে অপরিকল্পিত বহুতল ভবনও।
কাউন্সিলর পদে নির্বাচন করছেন বর্তমান কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর কাদের এবং শেখ সোহরাব উদ্দিন।
মনোহরপুর, রাজবাড়ি, রাজগঞ্জ বাজারের একাংশ, ইউসুফ স্কুলের পাশের অংশ, মুন্সেফবাড়ি, দারোগাবাড়ি, রানীর দিঘির পাড়, নিমতলি ও সরকারি মহিলা কলেজ এলাকা নিয়ে এ ওয়ার্ড। এ ওয়ার্ডে টাউন হলের সামনের সড়কে যানজট লেগে থাকে। সাত্তার খান কমপ্লেক্স, খন্দকার হক ম্যানশনসহ বড় বিপণিবিতানগুলো এ ওয়ার্ডে। মনোহরপুর ও সোনালী ব্যাংক এলাকায় গতকাল রোববার দুপুরে ছুটির দিনেও যানজট লেগে ছিল। রাজগঞ্জ এলাকায় ছিল তীব্র যানজট। কান্দিরপাড় লিবার্টি সিনেমা হল মোড় থেকে রাজগঞ্জ ও টাউন হলের সামনের সড়কে ভ্যানগাড়িতে করে বিভিন্ন পণ্য বিক্রি করা হচ্ছে। ফুটপাতেও খুদে ব্যবসায়ীরা পণ্যের পসরা সাজিয়ে বসে আছেন। এসব এলাকায় হাঁটাই দায়। এ ওয়ার্ডে ঐতিহ্যবাহী মাতৃভাণ্ডার রসমালাইয়ের দোকান। সেখানে প্রতিদিন সড়কের মধ্যে সারি ধরে রসমালাই কিনতে ক্রেতারা ভিড় করেন। দারোগাবাড়ি মাজারও এ এলাকায়। ঘনবসতি হওয়ায় এখানে যানবাহন ও মানুষের চাপ বেশি। সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিনের এলাকা মুন্সেফ বাড়ি। আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত, বিএনপিপন্থী স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজাম উদ্দীন কায়সার এ এলাকার ভোটার। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা-৬ আসনে বিএনপির গত দুবারের সংসদ সদস্যের বাড়ি এ ওয়ার্ডে।
এ ওয়ার্ডে নির্বাচন করছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও বর্তমান কাউন্সিলর হাবিবুর আল আমিন সাদী, নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক যুবলীগের সদস্য এ কে এম ছিদ্দিকুর রহমান, মহানগর আওয়ামী লীগের সদস্য কাজী শামসুল আলম, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি পারভেজ হানিফ।
বজ্রপুর, নানুয়াদিঘিরপাড়, উত্তর চর্থা, নবাববাড়ি, দিগাম্বরীতলা ও চকবাজার ফয়সল হাসপাতাল এলাকা নিয়ে এ ওয়ার্ড। এই ওয়ার্ডে ঐতিহ্যবাহী নবাববাড়ি, ১৪৫৮ সালে খনন করা নানুয়াদিঘি, জাহান আরা কুটির শিল্প। এ ওয়ার্ডে মেয়র মনিরুলের বাড়ি। প্রয়াত নেতা কর্নেল (অব.) আকবর হোসেন, ওস্তাদ মোহাম্মদ হোসেন খসরু, জমিদার অনঙ্গ নাহার বাড়ি, জেলার প্রথম গ্র্যাজুয়েট মোহিনী মোহন বর্ধনের বাড়ি, ভাষাসৈনিক
অজিত গুহের বাড়ি, মুসলিম লীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের একটানা ৩০ বছরের চেয়ারম্যান খান বাহাদুর আবিদুর রেজা চৌধুরী, নুরু উদ্দিন মাহমুদ আবাদের বাড়ি। এ ওয়ার্ডে মাদকের বিস্তার আছে।
এখানে নির্বাচন করবেন বর্তমান কাউন্সিলর ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সদস্য মো. ইমরান, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক জিয়াউল হক, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আফজল, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন ও বিএনপি দলীয় সাবেক কাউন্সিলর সফিউল আজম।
কাউন্সিলর ইমরান বলেন, ‘সবার বিপদে পাশে ছিলাম। তাই জয়ের ব্যাপারে আশাবাদী।’