রংপুরের বাজারে খোলা সয়াবিন তেল উধাও, বোতলের দাম চড়া

রংপুরে বাজারে খোলা সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে। দোকানের সামনে খালি ড্রাম পড়ে আছে। রংপুর শহরের মিনি সুপার মার্কেটে শনিবার
প্রথম আলো

রংপুরে খুচরা ও পাইকারি বাজারে খোলা সয়াবিন তেল মিলছে না। কিছু কিছু দোকানে বোতলজাত তেল মিললেও দামে চড়া। বিক্রেতারা একেক দোকানে একেক দরে তেল বিক্রি করছে।

ক্রেতারা বলেন, ঈদের আগের দিন থেকে রংপুরের খুচরা ও পাইকারি বাজারে সয়াবিন তেলের সংকট দেখা দেয়। ঈদের এক দিন পর থেকে দোকানগুলোতে তেল পাওয়া যাচ্ছে না। এ সংকট এখনো রয়েছে।

আজ শনিবার নগরের সিটি বাজার, মিনি সুপারমার্কেট, নবাবগঞ্জসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, খুচরা ও পাইকারি বাজারে ভোজ্যতেলের সংকট প্রকট। মিনি সুপারমার্কেটে পাইকারি বাজারে কোথাও খোলা সয়াবিন তেল নেই। ব্যবসায়ীরা হাত গুটিয়ে বসে আছেন। কোনো কোনো ব্যবসায়ীর দোকান বন্ধ।

মিনি সুপারমার্কেটে খোলা সয়াবিন তেলের পাইকারি ব্যবসায়ী মজিদ স্টোরের মালিক মজিদ মিয়া বলেন, ‘ঈদের আগের দিন তেল বিক্রি করলেও ঈদের পরে এসে তেলের মজুত শেষ হয়ে যায়। এখানে আমাদেরই বা কী করার আছে।’

পাইকারি ব্যবসায়ী বণিক ব্রাদার্সের মালিক সুশান্ত বণিক বলেন, ‘আমাদের কাছ থেকে রংপুর ও এর আশপাশের এলাকার খুচরা ব্যবসায়ীরা তেল কিনে নিয়ে যায়। গ্রাম, শহরের পাড়ামহল্লায় বিক্রি করেন। খোলা তেলের গ্রাহক অনেক বেশি। এখন ব্যবসায়ীরা তেল নিতে আসছেন, কিন্তু তেল না থাকায় তাঁদের ফিরে যেতে হচ্ছে। এ ছাড়া অনেক ব্যবসায়ী বারবার ফোনে খবর নিচ্ছেন তেল পাওয়া যাবে কি না।’

দুপুরে সিটি বাজারে দেখা যায়, সেখানেও কোনো খোলা সয়াবিন তেল নেই। তবে কিছু কিছু দোকানে বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে। একেক দোকানে একেক দামে বিক্রি করা হচ্ছে। ৫০০ গ্রামের বোতলজাত তেল ১০০-১১০ টাকা, এক লিটার বোতলজাত সয়াবিন তেল ২০০-২১০ টাকা, দুই লিটার ৩৯৮-৪১০ টাকা এবং পাঁচ লিটার তেলের দাম ৯৮০-১ হাজার টাকা পর্যন্ত বিক্রি করছেন ব্যবসায়ীরা।

সিটি বাজারে আলাল স্টোরের মালিক আলাল মিয়া বলেন, খোলা তেল বিক্রি করলেও এখন ফুরিয়ে গেছে। সামান্য বোতলজাত তেল বিক্রি করা হচ্ছে। তা–ও কখন জানি শেষ হয়ে যায়।

একই বাজারের হারুন স্টোরেও খোলা সয়াবিন তেল নেই। এই দোকানের মালিক হারুন রশিদ বলেন, অল্প কিছু বোতলজাত তেল আছে। কিন্তু যেভাবে ক্রেতা আসছে, তাতে করে খুব কম সময়ের মধ্যে এক, দুই ও পাঁচ লিটারের বোতলজাত তেল শেষ হয়ে যাবে।

মনিরুজ্জামান স্টোরের মালিক মনিরুজ্জামান বলেন, ‘আমার দোকানে শুধু ৫০০ গ্রামের বোতলজাত তেল রয়েছে। বাকি সব তেল এরই মধ্যে বিক্রি শেষ হয়ে গেছে। কবে যে তেল পাব, তা–ও ঠিকভাবে বলা যাচ্ছে না।’

বোতলজাত সয়াবিন তেলের নবাবগঞ্জ পাইকারি বাজারে গিয়ে জানা গেল, বড় তিনটি পাইকারি দোকান বিপ্লব স্টোর, সায়িদ ট্রেডার্স, বাবলু স্টোরে কোনো তেল নেই। পাইকারিভাবে বোতলজাত তেল মাত্র দুটি দোকানে বিক্রির খোঁজ পাওয়া যায়। দোকান দুটি হলো ঘোষ ভান্ডার ও বিউটি স্টোর।

শহরের রাধাবল্লভ এলাকার বাসিন্দা রোকুনুজ্জামান বলেন, ৪১৩ টাকায় দুই লিটার তেল কিনেছেন সিটি বাজার থেকে। অথচ বোতলের গায়ে দাম আরও কম লেখা। রান্নার কাজে তেল তো লাগবেই। তাই বাধ্য হয়ে কিনতে হয়েছে।