রডবাহী ট্রাকে করে গাঁজা পাচার, আটক ২

কিশোরগঞ্জ জেলার মানচিত্র
কিশোরগঞ্জ জেলার মানচিত্র

কিশোরগঞ্জ সদরে রডবাহী ট্রাকে করে গাঁজা পাচারের সময় দুজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে উপজেলার চৌদ্দশত ইউনিয়নের পুলেরঘাট বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে ট্রাকটি আটক করেন র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা। এ সময় তল্লাশি চালিয়ে সাড়ে ১৬ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ১৩ টন রড ও মাদক বিক্রির নগদ ১ হাজার ৪০০ টাকা জব্দ কর হয়।

আটক ব্যক্তিরা হলেন মো. ইয়াকুব আলী (৩১) ও মো. মমিন মিয়া (১৯)। ইয়াকুব আলী খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার বটামটিলা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে এবং মো. মমিন মিয়া একই গ্রামের বেলাল মিয়ার ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, একটি মাদক ব্যবসায়ী চক্র পণ্যবাহী ট্রাকে করে মাদকদ্রব্যসহ চট্টগ্রাম থেকে ভৈরব ও কিশোরগঞ্জ হয়ে ময়মনসিংহের উদ্দেশে যাত্রা করেছে।

র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, একটি মাদক ব্যবসায়ী চক্র পণ্যবাহী ট্রাকে করে মাদকদ্রব্যসহ চট্টগ্রাম থেকে ভৈরব ও কিশোরগঞ্জ হয়ে ময়মনসিংহের উদ্দেশে যাত্রা করেছে। এ সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত মধ্যরাতে র‌্যাবের একটি আভিযানিক দল কিশোরগঞ্জ সদর উপজেলার পুলেরঘাট এলাকায় চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্টটি পরিচালনা করার সময় একটি ট্রাকের গতিবিধি সন্দেহজনক হলে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ১৬ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাক ও ট্রাকে থাকা রডও জব্দ করা হয়।

শাহরিয়ার মাহমুদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনেই মাদক কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।