
চট্টগ্রামের রাউজান উপজেলায় ব্যক্তিগত গাড়ির ধাক্কায় তিশা আকতার (৬) নামের প্রথম শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পাশে কাতালপীর শাহ দরগাহ মাজার গেটের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিশা আকতার উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খানপাড়ার টমটমচালক মোহাম্মদ নুরুর মেয়ে। চার বোনের মধ্যে সে সবার ছোট। সে চট্টগ্রাম বিদ্যুৎকেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সন্ধ্যায় শিশু তিশা খালার বাড়ি থেকে ফেরার পথে গাড়ি থেকে নেমে কাতালপীর শাহ দরগাহ মাজার গেটের সামনের রাস্তা পার হচ্ছিল। এ সময় রাঙ্গুনিয়া থেকে আসা চট্টগ্রামগামী একটি ব্যক্তিগত গাড়ি তাকে ধাক্কা দেয়। স্থানীয় ব্যক্তিরা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ রোকন উদ্দিন প্রথম আলোকে বলেন, মেয়েটি স্থানীয় চট্টগ্রাম বিদ্যুৎকেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। সে খালার বাড়ি থেকে বাড়িতে ফেরার পথে ব্যক্তিগত গাড়ির ধাক্কায় মারা যায়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন প্রথম আলোকে বলেন, তিনি ঘটনাস্থলে আছেন। রাঙ্গুনিয়ার একটি হাসপাতালের চিকিৎসকের গাড়ির ধাক্কায় মেয়েটি মারা গেছে। লাশ একটি বেসরকারি হাসপাতালে রয়েছে। পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।