
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার একটি সড়কে পড়ে ছিল এক ব্যক্তির লাশ। আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাজারীখীল আহমদ ছফা মেম্বার সড়ক থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
লাশ উদ্ধার হওয়া ব্যক্তির নাম এনাম হোসেন ওরফে কালু চোরা (৩৮)। তাঁর বাড়ি সরফভাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মীরেরখীল এলাকায়।
সরফভাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আলমগীর সিকদার বলেন, আজ সকালে স্থানীয় লোকজন সড়কে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। লাশের মুখ থেঁতলানো ও মাথার পেছনে জখম দেখা গেছে।
চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) আনোয়ার হোসেন শামীম বলেন, ওই ব্যক্তি কীভাবে মারা গেলেন, এ বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।