
রাজবাড়ী জেলায় ডায়রিয়ার প্রকোপ বাড়ছে। ২৪ ঘণ্টায় জেলায় ডায়রিয়ায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৭ জন। এর মধ্যে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১ জন। বাকি ২৬ জনের মধ্যে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ জন, কালুখালীতে ৪ জন, বালিয়াকান্দিতে ৫ জন ও গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন ভর্তি আছেন।
এর আগে যাঁরা আক্রান্ত হয়েছিলেন, তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ৬২ জন। আজ সোমবার জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এসব তথ্য জানা যায়।
সদর হাসপাতালে চিকিৎসাধীন একাধিক ডায়রিয়া রোগী অভিযোগ করেন, ডায়রিয়া ওয়ার্ডের জন্য নির্ধারিত টয়লেট মাত্র একটি। এখানে শয্যা আছে ১২টি। কিন্তু হাসপাতালে ভর্তি আছেন শতাধিক রোগী। এটি একটি জরুরি সমস্যা। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের ভেবে দেখা উচিত।
রাজবাড়ী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নাহিদা ফেরদৌসী বলেন, রাজবাড়ীতে কয়েকটি এলাকায় ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। এলাকাগুলোর মধ্যে আছে রাজবাড়ী পৌরসভার বিনোদপুর, ধুঞ্চি ও সদর উপজেলার দাদশী ইউনিয়নের লক্ষ্মীকোল গ্রাম। এসব গ্রামের মানুষ সাপ্লাই ও টিউবওয়েলের পানি পান করে। পরীক্ষার জন্য পানি সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম টিটন বলেন, ডায়রিয়া পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল আছে। নতুন কিছু রোগী ভর্তি হয়েছেন। আবার কিছু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। রোগের কারণ নির্ণয়ের জন্য জনস্বার্থ প্রকৌশল থেকে প্রকোপ এলাকার পানি সংগ্রহ করা হয়েছে। নমুনা পানি পরীক্ষার ফলাফল হাতে পেলে ডায়রিয়ায় আক্তান্ত হওয়ার কারণ জানা যাবে। তিনি আরও বলেন, ডায়রিয়া সাধারণত পানিবাহিত রোগ। এই রোগ থেকে মুক্তির জন্য সবাইকে সচেতন থাকতে হবে। খোলা খাবার খাওয়া পরিহার করতে হবে এবং বিশুদ্ধ পানি পান করতে হবে।