
রাজশাহীতে ডিজিটাল নিরাপত্তা আইনের আলাদা দুটি ধারায় তিন তরুণকে ছয় বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া অপর দুটি ধারায় তাঁদের প্রত্যেককে আট লাখ টাকা করে জরিমানা করা হয়।
আজ রোববার দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত তিন আসামি হলেন শুভাশিষ রায় ওরফে কনক, শিহাবুর রহমান ওরফে শিহাব এবং আরিফুল ইসলাম ওরফে আলিফ। তাঁদের বাড়ি বগুড়ায়।
রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা বলেন, ২০১৯ সালের ৩ আগস্ট বগুড়ার একাদশ শ্রেণির এক ছাত্রীর হোয়াটসঅ্যাপে এডিট করা অশ্লীল ছবি পাঠিয়ে তাঁকে আপত্তিকর প্রস্তাব দেওয়া এবং দেখা করতে বলা হয়। পরে তার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে অশ্লীল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এর কিছুদিন পর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা ডিজিটাল নিরাপত্তা আইনে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন।
আইনজীবী ইসমত আরা আরও বলেন, পুলিশ মামলাটি তদন্ত করে তিন তরুণের সম্পৃক্ততা পায়। এরপর তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত বাদী, ভুক্তভোগীসহ ৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ মামলার রায় ঘোষণা করেন।
ডিজিটাল নিরাপত্তা আইন–২০১৮ এর ২৩ ধারায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামিদের প্রত্যেককে তিন বছর করে সশ্রম কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকা করে জরিমানা করা হয়। এ ছাড়া আইনের ২৫ ধারায় তাঁদের প্রত্যককে আরও তিন বছর করে সশ্রম কারাদণ্ড এবং তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।