রাজশাহীতে ৬ জুয়াড়িকে গ্রেপ্তার

গ্রেপ্তার
 প্রতীকী ছবি

রাজশাহীতে ছয় জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিনগত রাত পৌনে একটার দিকে রাজশাহী নগরের এয়ারপোর্ট থানার বায়া বৈরাগীপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। নগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল এই অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার ছয়জন হলেন নগরের বালিয়াডাঙ্গি গ্রামের সেন্টু (৩৭), শিহাব আলী (৩৫), রুবেল হোসেন (২১), বায়া ভোলাবাড়ি গ্রামের তাজরুল ইসলাম (৩৩), বড়বনগ্রাম নতুন চকপাড়া এলাকার সেলিম রেজা (৪০) ও দক্ষিণ নওদাপাড়া মহল্লার রফিকুল ইসলাম (৩৫)।

নগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. গোলাম রুহুল কুদ্দুস বলেন, নগরের বৈরাগীপাড়া এলাকায় একটি মুরগির খামারে জুয়ার আসর বসিয়েছিলেন তাঁরা। জুয়া খেলার সময় তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৬ প্যাকেট তাস ও নগদ ৬৭ হাজার ৪০ টাকা জব্দ করা হয়েছে। পরে জুয়া আইনে করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। আজ শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।