সাংবাদিক মারধর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩ দাবিতে সাংবাদিকদের অবস্থান কর্মসূচি

সাংবাদিক মারধরের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকেরা। আজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের সামনে
ছবি: প্রথম আলো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘ধূমপান নিষেধের’ জেরে এক সাংবাদিককে মারধরের ঘটনায় অভিযুক্ত গিয়াসউদ্দিন ওরফে কাজলের বহিষ্কারসহ তিনটি দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকেরা।

আজ রোববার বেলা সাড়ে ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের সামনে তাঁরা এ কর্মসূচি পালন করছেন। কর্মসূচি থেকে সাংবাদিকেরা তিনটি দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা সেখানে অবস্থান করবেন।

দাবিগুলো হলো—মারধরের ঘটনায় অভিযুক্ত গিয়াসউদ্দিন ওরফে কাজলকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে; ঘটনার তদন্তে গাফিলতির কারণে মাদার বখ্শ হলের প্রাধ্যক্ষ শামীম হোসেনকে অপসারণ করতে হবে এবং আবাসিক হলগুলোয় শিক্ষার্থী নির্যাতন বন্ধে আইন করতে হবে।

এর আগে সাংবাদিকেরা বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে একটি মৌন মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।

প্রসঙ্গত, গত ২৯ মে বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্শ হলের টিভি রুমে খেলা দেখার সময় বাইরে গিয়ে ধূমপান করতে বলায় বিডি মর্নিংয়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. শাহাবুদ্দিন আহমেদকে মারধর করেন হল শাখা ছাত্রলীগের সহসভাপতি গিয়াসউদ্দিনসহ ছাত্রলীগের নেতা-কর্মীরা।

এ ঘটনায় হল প্রশাসনের পক্ষ থেকে গিয়াসউদ্দিনকে হল থেকে সাময়িক বহিষ্কার করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। হলের আবাসিক শিক্ষকদের নিয়ে করা ওই কমিটিকে অতিসত্বর প্রতিবেদন জমা দিতে বলা হলেও এখনো তদন্তই শুরু হয়নি।