
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে রাজশাহী মহানগর মহিলা দল মৌন মিছিল ও সমাবেশ করেছে। আজ বুধবার বেলা ১১টার দিকে নগরের মালোপাড়ায় বিএনপি কার্যালয়ের সামনে থেকে তারা মিছিল বের করে। তবে মিছিল নিয়ে বের হওয়ার সময় পুলিশ তাঁদের বাধা দেয় বলে অভিযোগ করেছেন মহিলা দলের নেতারা।
রাজশাহী মহানগর মহিলা দলের কয়েকজন নেতা বলেন, দলীয় কার্যালয় থেকে মিছিল নিয়ে বের হওয়ার পথে পুলিশ তাঁদের বাধা দেন। এ সময় মহিলা দলের নেতাদের সঙ্গে পুলিশের বাগ্বিতণ্ডা হয়। পরে তাঁরা মালোপাড়ায় দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন।
রাজশাহী মহানগর মহিলা দলের সভাপতি রওশন আরার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ সকিনা খাতুনের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন মহিলা দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম ওরফে টুকটুকি, সিনিয়র সহসভাপতি মোসাম্মদ নুরুন্নাহার বেগম, সহসভাপতি নুরজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক আসমাউল হুসনা, সাংগঠনিক সম্পাদক জরিনা খাতুন, দপ্তর সম্পাদক শাহিনা আকতার প্রমুখ।
রওশন আরা বলেন, এই সরকার ক্ষমতার অপব্যবহার করে খালেদা জিয়াকে বিনা অপরাধে সাজা দিচ্ছেন। তাঁকে জেলখানায় রেখে চিকিৎসার নামে স্লো পয়জনিং করে গুরুতর অসুস্থ করে ফেলেছেন। তিনি এখন জীবন–মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। তাঁর চিকিৎসকেরা বারবার বিদেশে নিয়ে চিকিৎসা করানোর পরামর্শ দিচ্ছেন। এ নিয়ে পরিবারের পক্ষ থেকে আবদেন এবং দলের পক্ষ থেকে দাবি করলে এই সরকার তা আমলে না নিয়ে কালক্ষেপণ করছে এবং বিভ্রান্তমূলক বক্তব্য দিচ্ছেন। এই সমাবেশ থেকে তিনি খালেদা জিয়ার মুক্তি ও দ্রুত সময়ের মধ্যে বিদেশে চিকিৎসার দাবি জানান। দাবি না মানলে রাজশাহী মহানগর মহিলা দল কঠোর আন্দোলন করবেন বলে হুঁশিয়ারি দেন তিনি।
এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মণকে ফোন দিয়ে পাওয়া যায়নি। তবে ঘটনাস্থলে থাকা কর্তব্যরত একজন পুলিশ পরিদর্শক জানিয়েছেন, গতকাল মঙ্গলবার ছিল বিএনপির অনেক বড় সমাবেশ। মহিলা দল আজকে চেয়েছিল নগরের সাহেববাজার এলাকায় আসতে। কিন্তু ওখানে আগে থেকেই আরেকটি সংগঠনের কর্মসূচি ছিল। তাই তাঁদের মালোপাড়াতে কর্মসূচি করতে পরামর্শ দেওয়া হয়েছে। তাঁদের বাধা দেওয়া হয়নি।