রানীনগরে দলিল লেখকদের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

নওগাঁ জেলার মানচিত্র
নওগাঁ জেলার মানচিত্র

নওগাঁর রানীনগর উপজেলা সাবরেজিস্ট্রারের কার্যালয়ে নতুন দলিল লেখক ও সমিতিভুক্ত দলিল লেখকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। নতুন দলিল লেখকেরা দলিল সম্পাদন করতে সাবরেজিস্ট্রারের কাছে জমা দিতে গেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আজ রোববার বিকেলে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, রানীনগর সাবরেজিস্ট্রি অফিসের সমিতির বাইরে থাকা বেশ কিছু দলিল লেখক আজ বিকেলে দলিল সম্পাদন করতে দলিল নিয়ে সাবরেজিস্ট্রারের কাছে জমা দিতে যান। এ সময় সমিতিভুক্ত দলিল লেখকেরা নতুন দলিল লেখকদের বাধা দেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে মারপিট ও সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে নতুন দলিল লেখকদের মধ্যে এরশাদ হোসেন, ইলিয়াস হোসেনসহ মোট সাতজন আহত হন এবং সমিতিভুক্ত দলিল লেখকদের মধ্যে আবু সাইদ চৌধুরী, প্রবীণ চন্দ্র ও মামুন হোসেন আহত হয়েছেন।

সমিতির বাইরে থাকা নতুন দলিল লেখক সাদেকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরা সমিতির বাইরে ১১ জন দলিল লেখক আছি। বিকেলে দলিল নিয়ে সাবরেজিস্ট্রারের কাছে সম্পাদন করতে গেলে সমিতির সভাপতি ও সম্পাদকের নেতৃত্বে কয়েকজন দুর্বৃত্ত রড, পাইপ ও লাঠি দিয়ে আমাদের মারধর করেন। এতে আমাদের সাতজন আহত হয়েছেন।’

অভিযোগ অস্বীকার করে রানীনগর সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সভাপতি হাফিজার রহমান বলেন, হাইকোর্টে নতুন দলিল লেখকদের লাইসেন্সের বিরুদ্ধে মামলা আছে। মামলাটি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গেলেও শুনানিতে খারিজ হয়ে যায়। এরপরও নতুন দলিল লেখকেরা জোর করে দলিল লিখতে চান। আজ বিকেলে হঠাৎ পরিকল্পিতভাবে তাঁরা এসে আমাদের ওপর অতর্কিত হামলা চালান। হামলায় তাঁদের তিনজন আহত হয়েছেন।

নওগাঁ জেলার রেজিস্ট্রার আবদুস সালাম প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি শুনেছি। কোনো দলিল লেখক দলিল সম্পাদন করতে সাবরেজিস্ট্রারের কাছে গেলে কেউ বাধা দিতে পারেন না। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।