
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় শিয়ালের মাংস বিক্রির অপরাধে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার আলেকজান্ডার বাজারে অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তুনু চৌধুরী।
দণ্ডপ্রাপ্ত রঞ্জিত চন্দ্র দাস (৪৫) রামগতি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। অভিযানে শিয়ালের কয়েক কেজি মাংস জব্দ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নজরুল ইসলাম।
ইউএনও এস এম শান্তুনু চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালানো হয়। পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ অনুযায়ী ওই ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।