মাটি ফেলার কাজ শেষ হওয়ার কথা গত এপ্রিল মাসের মধ্যে। কিন্তু এখন পর্যন্ত মাত্র চার দিন কাজ হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউপির ৩ নম্বর ওয়ার্ডের প্রায় আড়াই কিলোমিটার একটি কাঁচা রাস্তায় মাটি ভরাটের কাজ নির্ধারিত সময়ের এক মাস পর করা হচ্ছে। অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির এ কাজ তালিকাভুক্ত উপকারভোগীদের বদলে বহিরাগত শ্রমিকদের দিয়ে করানো হচ্ছে। উপকারভোগীদের তালিকায় মৃত মানুষেরও নাম আছে।
এসব অভিযোগে গত ৯ মে স্থানীয় সরকার বিভাগের চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ও ২ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এ কাজে বরাদ্দের পরিমাণ ১৮ লাখ ৭২ হাজার টাকা। ধোবড়া গ্রামের আবুল কালাম আজাদ এ অভিযোগ করেন।
অভিযোগে বলা হয়েছে, চিড়াভিজি থেকে ঘোড়াদহ বিল পর্যন্ত রাস্তায় মাটি ফেলার কাজ শেষ হওয়ার কথা গত এপ্রিলে। কিন্তু নির্ধারিত সময়ে রাস্তাটিতে এক ডালি মাটিও ফেলা হয়নি। আবুল কালাম আজাদ বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করার পর গত ৩১ মে থেকে ৬ জুনের মধ্যে মাত্র চার দিন মাটি ফেলার কাজ করা হয়েছে। এখন আবার কাজটি ফেলে রাখা হয়েছে।
তালিকাভুক্ত হওয়ার জন্য অনেক মানুষ আসেন। তখন আলোচনার ভিত্তিতে বাইরের লোকদের টাকা ভাগ করে দিতে হয়।মোজাম্মেল হক, প্রকল্প কমিটির সদস্য
স্থানীয় লোকজন বলেন, এ কর্মসূচিতে উপকারভোগীর সংখ্যা ১১৭। তালিকাভুক্ত চার-পাঁচজন উপকারভোগী এ কাজ করেছেন। বাকিরা বহিরাগত শ্রমিক। নিয়মানুযায়ী ৪০ দিনের কাজের জন্য একজন উপকারভোগী পাবেন ১৬ হাজার টাকা। কিন্তু তালিকাভুক্ত উপকারভোগীদের সঙ্গে আগেই চুক্তি করা হয়েছে, তাঁরা কাজ করবেন না। এর বদলে তাঁদের তিন-চার হাজার টাকা করে দেওয়া হবে। মুঠোফোনে তাঁদের টাকা এলেও তিন-চার হাজার রেখে বাকি টাকা তাঁরা ফেরত দিয়ে দিয়েছেন প্রকল্প সভাপতি ও ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুর রশিদের কর্মী নামোধোবড়া গ্রামের বাসিন্দা নেজারুল ইসলামকে। তবে নেজারুল বলেন, তিনি কোনো টাকা নেননি।
তালিকাভুক্ত এক উপকারভোগী বলেন, এ কর্মসূচির আওতায় দুই দফায় তাঁর মুঠোফোনে ১৬ হাজার টাকা আসে। তিন হাজার টাকা নিজের কাছে রেখে বাকিটা ফেরত দিয়েছেন। তিনি কোনো কাজ করেননি। কাজ না করেই তিন হাজার টাকা পেয়েছেন, এটাই তাঁর উপকার। কাজ করলে আরও টাকা পাওয়া যেত। কিন্তু এবার বাড়াবাড়ি করলে যদি ভবিষ্যতে আর তালিকাভুক্ত করা না হয়, সে ভয়ে কিছু বলেননি।
এদিকে উপকারভোগীর তালিকায় মৃত মানুষেরও নাম আছে। তালিকার ১৩৫ নম্বরে আছেন শাহবাজপুর গ্রামের মো. লালু। তাঁর বাড়ি ইউনিয়নের সন্ন্যাসী গ্রামে। মুঠোফোনে লালুর স্ত্রী করিমা বেগম বলেন, গত ফেব্রুয়ারি মাসে তাঁর স্বামী মারা গেছেন। কর্মসংস্থান কর্মসূচিতে তাঁর স্বামীর নাম আছে কি নেই, তা জানেন না তিনি। স্বামীর বদলে তাঁকে কাজ করতে বলা হয়নি। টাকাও দেয়নি। স্বামীর মৃত্যুর কারণে সন্তান দুই সন্তান নিয়ে দারুণ কষ্টে আছেন তিনি।
প্রকল্পের সভাপতি আবদুর রশিদের মুঠোফোনে যোগাযোগ করা হলে বলেন, ‘এ ব্যাপারে আমি কিছুই বলব না।’
উপকারভোগীদের অল্প টাকা দিয়ে বাকি টাকা ফেরত নেওয়া প্রসঙ্গে প্রকল্প কমিটির সদস্য ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মোজাম্মেল হক বলেন, তালিকাভুক্ত হওয়ার মতো অনেক দরিদ্র মানুষ তাঁদের কাছে ভিড় করেন। আবার একই বাড়িতে একাধিক দরিদ্র মানুষ অনুরোধ জানান। তখন আলোচনার ভিত্তিতে বাইরের লোকদের টাকা ভাগ করে দিতে হয়।
ইউপি চেয়ারম্যান নিজামুল হক বলেন, শ্রমিকসংকট থাকায় সময়ে কাজ করা যায়নি।
শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আরিফুল ইসলাম বলেন, মেয়াদের মধ্যেই প্রকল্পের কাজ করতে হবে। এখন করাটা অনিয়মের মধ্যে পড়ে। কাজ না করেই উপকারভোগীদের মুঠোফোনে টাকা পাঠানো প্রসঙ্গে পিআইও বলেন, এসব প্রকল্পের কাজ ইউপি চেয়ারম্যান ও সদস্যদের তত্ত্বাবধানে হয়ে থাকে। তাঁরা কাজের হাজির জমা দিলে টাকা পাঠানো হয়। এ কাজ হয়েছে কি না, তা কাজের চাপে দেখা হয়ে ওঠেনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হায়াত বলেন, প্রকল্প নিয়ে লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।