রায়গঞ্জে শিশু হত্যার দায়ে তরুণের যাবজ্জীবন

আদালত
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের রায়গঞ্জে শুভ চন্দ্র (৬) নামের এক শিশুকে হত্যার দায়ে মদন চন্দ্র ভৌমিক (২৫) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আজ মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২-এর বিচারক মোহাম্মদ এরফান উল্লাহ এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত মদন চন্দ্র ভৌমিক জেলার রায়গঞ্জ উপজেলার চৌধুরী ঘুঘাট গ্রামের কুঠিশ্বর ভৌমিকের ছেলে।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০১০ সালের ১১ অক্টোবর বিকেলে রায়গঞ্জ উপজেলার চৌধুরী ঘুঘাট গ্রামের সুকুমার চন্দ্রের ছেলে শুভ চন্দ্রকে গাছ থেকে গাব পেড়ে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যান মদন চন্দ্র। পরে সন্ধ্যায় শিশু শুভকে শ্বাসরোধে হত্যা করে একই গ্রামের ভবানী চন্দ্রের বাঁশঝাড়ে লাশ ফেলে রাখা হয়।

এ ঘটনায় শিশু শুভর বাবা সুকুমার চন্দ্র বাদী হয়ে মদন চন্দ্র, তাঁর বাবা কুঠিশ্বর ভৌমিক ও মা সুমতি রানীকে আসামি করে সলঙ্গায় থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পর থেকেই আসামি মদন চন্দ্র পলাতক।

আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি জেবা রহমান বলেন, মামলায় ১১ সাক্ষীর সাক্ষ্য শেষে মদন চন্দ্রকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর দুই আসামি মদন চন্দ্রের মা ও বাবাকে বেকসুর খালাস দেন আদালত।