নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড কারখানায় অগ্নিকাণ্ডে ৫২ জনের মৃত্যুর ঘটনায় চার দিনের রিমান্ড শেষে কারখানার মালিকসহ আটজনকে আদালতে হাজির করা হয়েছে। আজ বুধবার বেলা তিনটায় মামলার তদন্ত কর্মকর্তা রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসামিদের আদালতে তোলেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, চার দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে সোপর্দ করেছেন তদন্তকারী কর্মকর্তা। আসামিদের কোর্টহাজতে রাখা হয়েছে। শুনানি শেষে আদালতের আদেশ জানানো হবে।
এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান প্রথম আলোকে জানান, তাঁরা আসামিদের জামিনের জন্য আদালতে আবেদন করবেন।
মামলার তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, জিজ্ঞাসাবাদে আসামিরা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তথ্য যাচাই–বাছাই করা হচ্ছে। আসামিদের আবার রিমান্ড আবেদন করা হবে না।
অগ্নিকাণ্ডের ঘটনায় গত শনিবার দুপুরে নারায়ণগঞ্জের ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক নাজিম উদ্দিন মজুমদার বাদী হয়ে সজীব গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবুল হাসেমসহ আটজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেন। পরে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৮ জুলাই বিকেল সাড়ে পাঁচটার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কর্ণগোপ এলাকায় হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় ভয়াবহ আগুন লাগে। অগ্নিকাণ্ডের পর ভবন থেকে লাফিয়ে তিনজনের মৃত্যু হয়। সেই সঙ্গে দগ্ধ ৪৯ জনের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। লাশগুলো এতটাই পুড়ে গেছে, সেগুলো দেখে চেনা বা শনাক্ত করার উপায় নেই। এ ঘটনায় সব মিলিয়ে ৫২ জনের মৃত্যু হয়েছে।