রেদোয়ান আহমেদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি

এলডিপির মহাসচিব রেদোয়ান আহমদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে কুমিল্লা উত্তর জেলা ও চান্দিনা উপজেলা শাখা এলডিপি। বুধবার নগরের একটি রেস্তোরাঁয়
ছবি: প্রথম আলো

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব রেদোয়ান আহমেদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে কুমিল্লা উত্তর জেলা ও চান্দিনা উপজেলা শাখা এলডিপি। আজ বুধবার বেলা তিনটায় কুমিল্লা নগরের রাজগঞ্জ এলাকার একটি রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে কুমিল্লা উত্তর জেলা এলডিপির সভাপতি মো. সামছুল হক বলেন, ‘রেদোয়ান আহমেদ চান্দিনা থেকে চারবারের নির্বাচিত সংসদ সদস্য। তিনি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। ৯ মে চান্দিনা উপজেলা যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ রেদোয়ান আহমেদের গাড়ি ভাঙচুর, দলীয় কার্যালয় ভাঙচুর ও বাড়িতে হামলা চালিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে অশোভন আচরণ করে। রেদোয়ান আহমেদ আত্মরক্ষার্থে থানায় অবস্থান নেন। কিন্তু তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। বর্তমান আওয়ামী সরকার যে সন্ত্রাসনির্ভর কার্যক্রম চালাচ্ছে, এই হামলা তারই প্রমাণ। আমরা রেদোয়ান আহমেদের নিঃশর্ত মুক্তি চাই।’

সংবাদ সম্মেলনে চান্দিনা উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আবু তাহের, গণতান্ত্রিক যুবদলের সাংগঠনিক সম্পাদক জামসেদ আহমেদ, চান্দিনা উপজেলা এলডিপির কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম ও মহিচাইল ইউনিয়ন এলডিপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

অভিযোগের বিষয়ে চান্দিনা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও মামলার বাদী কাজী আখলাকুর রহমান প্রথম আলোকে বলেন, সংবাদ সম্মেলনে গুলির কথা একবারের জন্যও বলেননি এলডিপির নেতারা। দুটি ছেলেকে গুলি করা হলো, তা নিয়ে কোনো বক্তব্য নেই।

৯ মে চান্দিনা পৌর ভবনের সামনের সড়কে চান্দিনা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা রেদোয়ান আহমেদের গাড়ি আটকে বিক্ষোভ করেন ও গাড়িতে তরমুজের খোসা ছোড়েন। এ সময় রেদোয়ান আহমেদ তাঁর লাইসেন্স করা শটগান থেকে গুলি করেন। এতে দুজন গুলিবিদ্ধ হন। এ ঘটনায় রেদোয়ানসহ ১৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনের নামে চান্দিনা থানায় মামলা করা হয়। মামলার চার আসামি বর্তমানে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আছেন।