র‍্যাবের ওপর হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক, মামলা হয়নি

গ্রেপ্তার আতঙ্কে সকাল থেকে বারিয়ারহাট পৌরবাজারের আশপাশের বেশ কিছু দোকানপাট বন্ধ রয়েছে
ছবি: ইকবাল হোসেন

চট্টগ্রামের মিরসরাইয়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) দুই সদস্যসহ তিনজনের ওপর হামলার ঘটনার পর থেকে ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। হামলার ঘটনায় আজ বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত কোনো মামলা হয়নি।

আজ সকাল থেকে উপজেলার বারিয়ারহাট পৌরবাজারের আশপাশে পুলিশ ও র‍্যাব সদস্যদের কড়া নজরদারি দেখা গেছে। গ্রেপ্তার আতঙ্কে সকাল থেকে ঘটনাস্থলের আশপাশের বেশ কিছু দোকানপাট বন্ধ রয়েছে। এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় বারিয়ারহাট পৌরবাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর ডাকাত সন্দেহে দুই র‍্যাব সদস্যসহ তিনজনের ওপর হামলা করেন স্থানীয় লোকজন।

র‍্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, হামলার শিকার র‍্যাব সদস্যরা সাদাপোশাকে মাদক উদ্ধারে অভিযানে গেলে মাদক কারবারিরা ‘ডাকাত, ডাকাত’ বলে চিৎকার করেন। এ সময় স্থানীয় লোকজন হামলায় অংশ নেন। এতে র‍্যাব-৭-এর দুই সদস্যসহ তিনজন আহত হন। আহত দুই র‍্যাব সদস্যকে গতকাল রাতেই হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে আনা হয়।

বারিয়ারহাট পৌরবাজার কমিটির সাধারণ সম্পাদক মো. হেদায়েত উল্লাহ প্রথম আলোকে বলেন, গতকালের ঘটনার পর থেকে বারিয়ারহাট পৌরবাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। র‍্যাব ও পুলিশ সদস্যরা কয়েক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য জিম্মায় নিয়েছে বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে জানতে চাইলে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুর হোসেন প্রথম আলোকে বলেন, ওই ঘটনায় পুলিশ এখনো কাউকে আটক করেনি। এ ঘটনায় থানায় এখনো কোনো মামলাও হয়নি। তবে বারিয়ারহাট পৌরবাজারে নিরাপত্তা জোরদার করা হয়েছে।