রাঙামাটির বনরূপার বাসিন্দা মো. ইউসুফ। ছোটবেলা থেকেই ক্রিকেটপ্রেমী। খেলতেনও ভালো। এখন পুরোদস্তুর ব্যবসায়ী। তবে বাংলাদেশ দলের খেলা থাকলে সব কাজ এক পাশে ফেলে রাখেন। সদ্য সমাপ্ত বিশ্বকাপ টি-টোয়েন্টির প্রতিটি খেলায় তাঁর চোখ ছিল প্রথম আলোর পাতায়। কারণ, রয়েল সিমেন্ট-প্রথম আলো বিশ্বকাপ টি-টোয়েন্টি কুইজ আয়োজনে তিনি নিয়মিত অংশগ্রহণকারী। মঙ্গলবার সন্ধ্যায় কুইজের মেগা ড্রতে জিতে নেন প্রথম পুরস্কার।
কুইজের মেগা ড্র ও পুরস্কার বিতরণী উপলক্ষে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে ভিড় করেন ক্রিকেটপ্রেমীরা। এ আয়োজনে সাতজন ভাগ্যবান জিতে নেন নানা আকর্ষণীয় পুরস্কার। প্রথম পুরস্কার হিসেবে একটি শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) পান ইউসুফ।
গান আর কথামালায় সাজানো হয় পুরো অনুষ্ঠান। শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলো চট্টগ্রাম কার্যালয়ের ব্যবস্থাপক (হিসাব ও প্রশাসন) মনজুর মোরশেদ। এরপর গান নিয়ে মঞ্চে হাজির হন শিল্পী নাজরাতুন তিভা। সাংস্কৃতিক পরিবেশনা শেষে মঞ্চে আসেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, রয়েল সিমেন্টের মহাব্যবস্থাপক (করপোরেট অ্যাফেয়ার্স) মো. আবুল মনসুর, উপমহাব্যবস্থাপক এস এম মাসুদুর রহমান, ঊর্ধ্বতন সহকারী মহাব্যবস্থাপক আনোয়ার কামাল, আহসান হক, সহকারী মহাব্যবস্থাপক ফয়সাল নাসির খান ও ব্যবস্থাপক (ব্র্যান্ড) কায়সার মোরশেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর উপব্যবস্থাপক (বিজ্ঞাপন) সেলিম রেজা।
আয়োজনে মো. আবুল মনসুর উচ্ছ্বসিত কণ্ঠে বলেন, ‘প্রথম আলোর সঙ্গে রয়েল সিমেন্টের সম্পর্ক দীর্ঘদিনের। নানা বিষয়ে আমরা একসঙ্গে কাজ করি। বিশ্বকাপ কুইজের এ আয়োজনের উদ্যোগ নেওয়ার জন্য তাদের ধন্যবাদ জানাই। ক্রিকেট নিয়ে আমাদের দারুণ উন্মাদনা রয়েছে। কে জিতল, কে হারল, কে কত রান করল, তা জানতে আমরা চোখ রাখি প্রথম আলোয়।’
কথামালায় অংশ নেন ক্রিকেটপ্রেমীরাও। উমা শংকর রায় নামের একজন বলেন, ‘প্রথম আলোর কুইজে অংশ নিতে নানা পরিশ্রম করতে হয়। কে জিতবে, কে হারবে, কে রান করবে—এসব নিয়ে চলে নানা বিশ্লেষণ। নানা হিসাব-নিকাশ করেই আমরা কুইজের উত্তর দিই।’
মেগা ড্রতে মোট সাতজন পুরস্কার জিতে নেন। এর মধ্যে প্রথম পুরস্কার পান মো. ইউসুফ, দ্বিতীয় পুরস্কার পান তিশা পাল ও তৃতীয় পুরস্কার পান ইমরান চৌধুরী। এ ছাড়া চতুর্থ পুরস্কার পান অঞ্জলি নাথ, আকাশ মজুমদার, অতনু সেন ও মো. ফয়সাল (দুটি পুরস্কার)। আর নিয়মিত কুইজে পুরস্কার পান ২০ জন।