লাইটপোস্টে ধাক্কা লেগে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

বরিশাল নগরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের গেট-সংলগ্ন বান্দরোডে এ দুর্ঘটনা ঘটে।

দ্রুতগতির মোটরসাইকেলটি একটি ল্যাম্পপোস্টের সঙ্গে ধাক্কা লেগে একজন ঘটনাস্থলে ও অপরজন হাসপাতালে নেওয়ার পর মারা যান। নিহত দুই বন্ধু হলেন সুদীপ্ত সাহা ওরফে গোপাল (২৩) ও অন্তু সাহা ওরফে হৃদয় (২২)।

নিহত সুদীপ্ত সাহা নগরের বাজার রোড এলাকার উত্তম সাহার ছেলে ও অন্তু সাহা একই এলাকার ব্যবসায়ী দিলীপ সাহার ছেলে। সুদীপ্ত সাহা সরকারি ব্রজমোহন কলেজের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্র এবং অন্তু সৈয়দ হাতেম আলী কলেজের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্র।

দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যুর তথ্য নিশ্চিত করেন বরিশাল কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন। তিনি জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে দ্রুতগতিতে টিভিএস কোম্পানির অ্যাপাচি ফোর ভি মডেলের একটি মোটরসাইকেল চালিয়ে রুপাতলীর দিকে যাচ্ছিলেন সুদীপ্ত সাহা। তাঁর পেছনে বসা ছিলেন বন্ধু অন্তু সাহা। মোটরসাইকেলটি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে একটি লাইটপোস্টের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই নিহত হন সুদীপ্ত। এতে গুরুতর আহত হন তাঁর বন্ধু অন্তু সাহা। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে অন্তুরও মৃত্যু হয়।

দুজনের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে বলে জানান পরিদর্শক লোকমান হোসেন।