
চট্টগ্রামে শিল্প পুলিশের পিকআপ ভ্যানে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া বাসচালককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম নাহিদুল ইসলাম। গতকাল শনিবার রাতে নগরীর পাহাড়তলী বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
পাহাড়তলী থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হাসান আজ রোববার সকালে প্রথম আলোকে বলেন, শনিবার সকালে পাহাড়তলী থানার সাগরিকা মোড় এলাকায় শিল্প পুলিশ সদস্যদের বহনকারী পিকআপ ভ্যানে ধাক্কা দেয় একটি বাস। এতে ১১ পুলিশ সদস্য আহত হন। তাঁরা সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার পর পুলিশ বাসটি জব্দ করলেও চালক পালিয়ে যান। পরে গোপন তথ্যের ভিত্তিতে বাসচালক নাহিদুলকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় শিল্প পুলিশের পক্ষ থেকে করা মামলায় গ্রেপ্তার বাসচালককে আদালতে পাঠানো হয়েছে।