শেরপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

সড়ক দুর্ঘটনায় নিহত মো. শওকত হোসেন
ছবি: সংগৃহীত

শেরপুর সদর উপজেলায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত নয়টার দিকে শেরপুর-জামালপুর সড়কের শেরপুর সদর উপজেলার দিকপাড়া ব্যাঙের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত মো. শওকত হোসেন ওরফে সলিম (৪০) উপজেলার কামারেরচর ইউনিয়নের ডোবারচর গ্রামের বাসিন্দা। তিনি ডোবারচর বাজারে ইলেকট্রনিকসের ব্যবসা করতেন।

দুর্ঘটনায় মোটরসাইকেলটির চালক উজ্জ্বল মিয়া (২৪) আহত হয়েছেন। তিনি ডোবারচর গ্রামের বাসিন্দা। তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ব্যবসার কাজ শেষে সোমবার রাত নয়টার দিকে পার্শ্ববর্তী জামালপুর জেলা শহর থেকে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন ব্যবসায়ী শওকত হোসেন ও তাঁর সহযোগী উজ্জ্বল মিয়া। উজ্জ্বল মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। তাঁরা শেরপুর-জামালপুর সড়কের দিকপাড়া ব্যাঙের মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন ব্যবসায়ী শওকত হোসেন। আর গুরুতর আহত হন উজ্জ্বল মিয়া। পরে স্থানীয় লোকজন আহত উজ্জ্বলকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠান।

খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত শওকত হোসেনের লাশ উদ্ধার করে। দুর্ঘটনার পরপরই ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যান।

সদর থানার পরিদর্শক (তদন্ত) বন্দে আলী মিয়া মঙ্গলবার সকালে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তরের জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। পুলিশ ঘাতক ট্রাকটিকে শনাক্ত ও চালককে আটকের চেষ্টা করছে।