রংপুরের বদরগঞ্জ

শ্রমিকসংকটে কাটা–মাড়াই ব্যাহত, নষ্ট হচ্ছে ধান

উপজেলায় কর্মসৃজন প্রকল্পের অধীনে ১ হাজার ৫৭১ জন শ্রমিক মাটি কাটার কাজে আটকা পড়েছেন।

রংপুরের বদরগঞ্জের চাপড়ার দোলায় ঝড়ে খেতে নুয়ে পড়েছে প্রায় ৫০০ একরের পাকা ধান। শ্রমিকসংকটে কেটে ঘরে তুলতে পারছেন না কৃষকেরা। গত বুধবার দুপুরে
ছবি: প্রথম আলো

রংপুরের বদরগঞ্জে প্রায় প্রতিদিনই হচ্ছে ঝড়-বৃষ্টি। এতে মাঠের পর মাঠজুড়ে থাকা পাকা বোরো ধানগাছ মাটিতে নুয়ে পড়েছে। ধানখেতে পানি জমে থাকায় নুয়ে পড়া এসব গাছের শিষের মধ্যেই ধানের চারা গজাচ্ছে। কিন্তু শ্রমিকসংকটে ধান কাটা-মাড়াই করে ঘরে তুলতে পারছেন না কৃষকেরা। যে অল্প কিছু শ্রমিক পাওয়া যাচ্ছে, তাঁরা মজুরিও চাইছেন অনেক বেশি। এতে চিন্তিত হয়ে পড়েছেন চাষিরা।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিবছরই বোরো ধান কাটা-মাড়াইয়ে কিছুটা শ্রমিকসংকটে ভুগতে হয়। কিন্তু এবারের সংকটটা ব্যাপক। কারণ, ধান কাটা-মাড়াই করা অসংখ্য শ্রমিক বর্তমানে সরকারিভাবে মাটি কাটার কাজ করছেন।

কৃষকদের কথার সূত্র ধরে খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে বোরো ধান কাটা-মাড়াইয়ের ভরা মৌসুমে ৯ মে থেকে উপজেলায় শুরু হয়েছে কর্মসৃজন প্রকল্পের কাজ। এ প্রকল্পের অধীনে ১ হাজার ৫৭১ জন শ্রমিক মাটি কাটার কাজে আটকা পড়েছেন। একই সময় বোরো ধান কাটা-মাড়াই শুরু হওয়ায় তীব্র শ্রমিকসংকট দেখা দিয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্র জানিয়েছে, এবার উপজেলায় ১৬ হাজার ৯৮৫ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। ইতিমধ্যে ৪২ শতাংশ জমির ধান কেটে কৃষকেরা ঘরে তুলেছেন। তবে ঝড়–বৃষ্টির কারণে বাকি ধান দ্রুত কেটে নিতে না পারলে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হবেন।

উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম মোস্তফা মো. জোবাইদুর রহমান বলেন, বোরো ধান কাটা–মাড়াইয়ের এখন ভরা মৌসুম। কর্মসৃজন প্রকল্প এ সময়ে চালু করা ঠিক হয়নি। এতে কিছুটা শ্রমিকসংকট দেখা দেওয়ায় কাটা-মাড়াইয়ে সমস্যা হচ্ছে। এ সময় ঝড়-বৃষ্টি হওয়ায় পাকা ধান দ্রুত কেটে ঘরে তুলতে না পারলে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হবেন।

এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল চন্দ্র রায় বলেন, কর্মসৃজন কর্মসূচি এ মাসে চালু না করতে না পারলে প্রকল্পের টাকা ফেরত যেত।

কৃষকদের অভিযোগ, গত বছর চার-পাঁচ হাজার টাকা খরচে প্রতি বিঘা (৬০ শতক) জমির ধান কেটেছেন শ্রমিকেরা। এবার তা কাটতে ১০-১২ হাজার টাকা নিচ্ছেন। তবুও শ্রমিক মিলছে না।

গত শুক্রবার সরেজমিনে কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঝড়-বৃষ্টির কারণে উপজেলার দামোদরপুর ইউনিয়নের চাপড়ার দোলায় অন্তত ৫০০ এবং রাধানগর এলাকায় সহস্রাধিক একর জমির ধানগাছ খেতের পানিতে নুয়ে পড়েছে।

শাহাপুর গ্রামের কৃষক হাছিনুর রহমানের চাপড়ার দোলায় তিন একর জমির পাকা ধানগাছ খেতে নুয়ে পড়েছে। তিনি বলেন, ‘১২ হাজার টাকা বিঘা (৬০ শতক) চুক্তিতে ৩ দিন আগে থেকে শ্রমিকদের পেছনে ঘুরছি। তারা সময় দিতে পারছে না। এদিকে খেতের পানিতে ধান কিছুটা ডুবে থাকায় শিষের ধানে সেখানেই চারা গজাচ্ছে। ধান কাটতে না পেরে খুব টেনশনে আছি।’

২৫ বিঘা জমিতে ১৬ জাতের ধান চাষ করেছেন রাধানগর ইউনিয়নের উত্তর খামারপাড়া গ্রামের কৃষক রুকনুজ্জামান। তিনি বলেন, প্রতি বিঘায় (৬০ শতকে) বোরো চাষে খরচ হয়েছে প্রায় ২৫ হাজার টাকা। প্রতি বিঘায় ধান হবে ৪৫-৫০ মণ। শুক্রবার আলাপকালে বলেন, সব ধান পেকেছে। গত রোববার রাতের ঝড়-বৃষ্টিতে ১০ বিঘার ধান মাটিতে নুয়ে পড়েছে। প্রতি বিঘা জমির ধান শুধু কাটতেই খরচ লাগছে ১০ হাজার টাকা করে। সেই ধান বাড়িতে নিয়ে আসা ও মাড়াইয়ে খরচ লাগছে আরও চার-পাঁচ হাজার টাকা। তবুও ধান বেচে খরচ উঠবে। কিন্তু শ্রমিকসংকটের কারণে পাঁচ বিঘার বেশি জমির ধান কেটে নিতে পারেননি। ধান বেশি পেকে যাওয়ায় জমিতেই ঝরে পড়ছে। এবারের মতো শ্রমিকসংকট কখনো হয়নি।

আমরুলবাড়ি গ্রামের ধান কাটা শ্রমিক দলের নেতা আবদুল হক বলেন, ‘আগে আমরা ছয়জন মানুষ এক বিঘার ধান কাটছি। এবার ধানের গাছ বাতাসোতে মাটিত শুতি পড়ছে। এক বিঘার এ ধান কাটতে নাগোছে ১২-১৩ জন মানুষ। সেই জন্যে খরচটা বেশি নেওচি।’