শ্রীবরদীতে বনভোজনের ট্রলি খাদে, নিহত ২

শেরপুরের শ্রীবরদীতে বনভোজনের ট্রলি খাদে পড়ে দুজন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শ্রীবরদী-লঙ্গরপাড়া সড়কের শ্রীবরদী পৌরসভার কলাকান্দা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

নিহতেরা হলেন উপজেলার খড়িয়াকাজিরচর ইউনিয়নের খড়িয়া গ্রামের সেলিম মিয়ার ছেলে মো. সাইদুল (১৮) ও আবু তালেবের ছেলে ইসমাইল হোসেন (১৮)।

আহতদের মধ্যে সাতজনের নাম জানা গেছে। তাঁরা হলেন সাগর, শাকিল, লোকমান, রাশেদুল, কামরুজ্জামান, আরিফ ও সাব্বির। তাঁদের বাড়িও খড়িয়া গ্রামে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, খড়িয়া গ্রামের একদল তরুণ বনভোজন খেতে মঙ্গলবার দুপুরে শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান ট্রলি যোগে ঝিনাইগাতীর গারো পাহাড়ের গজনী অবকাশ কেন্দ্রে যান। বনভোজনশেষে তাঁরা ওই ট্রলি যোগেই বাড়ি ফিরছিলেন। পরে কলাকান্দা সেতু এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রলিটি খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় শ্রীবরদী থানার পুলিশ আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে গুরুতর অবস্থায় কয়েকজনকে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে সাইদুল ও ইসমাইলকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা সহকারী রাকিবুল ইসলাম দুর্ঘটনায় দুজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় প্রথম আলোকে তিনি বলেন, আহত ছয় থেকে সাত জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা তহুরাতুজ আলম বলেন, তাঁদের হাসপাতালে সাত থেকে আটজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শ্রীবরদী থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাশিম প্রথম আলোকে বলেন, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। ট্রলি চালক জুয়েলকে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।