শ্রীমঙ্গল উপজেলার সিন্দুর খান সড়কের এলাহি জামে মসজিদ থেকে জামেয়া ইসলামিয়া মাদ্রাসা পর্যন্ত সড়কে সব প্রকার ব্যবসাপ্রতিষ্ঠানে লকডাউন জারি করেছে উপজেলা প্রশাসন। শনিবার দুপুরের চিত্র
শ্রীমঙ্গল উপজেলার সিন্দুর খান সড়কের এলাহি জামে মসজিদ থেকে জামেয়া ইসলামিয়া মাদ্রাসা পর্যন্ত সড়কে সব প্রকার ব্যবসাপ্রতিষ্ঠানে লকডাউন জারি করেছে উপজেলা প্রশাসন। শনিবার দুপুরের চিত্র

শ্রীমঙ্গলে একটি সড়কে লকডাউন, সব দোকান বন্ধ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে করোনাভাইরাস সংক্রমণ রোধে একটি সড়কের সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠানে লকডাউন জারি রেখেছে উপজেলা প্রশাসন। ২ জুন দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার সিন্দুর খান সড়কের এলাহি জামে মসজিদ থেকে জামেয়া ইসলামিয়া মাদ্রাসা পর্যন্ত সড়কে এই লকডাউন শুরু হয়।

আজ শনিবার দুপুরে লকডাউন হওয়া এলাকা ঘুরে দেখা গেছে, প্রতিটি দোকানের সামনে লকডাউন স্টিকার লাগানো। লকডাউন হওয়া সব দোকান বন্ধ।

এই জায়গায় চাঁপাইনবাবগঞ্জফেরত ৩৪ জনের করোনা পরীক্ষা করার পর ১২ জনের করোনা শনাক্তের পরই লকডাউন কার্যকর করা হয়। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্যসচিব সাজ্জাদ হোসেন চৌধুরী আজ প্রথম আলোকে বলেন, শ্রীমঙ্গল উপজেলায় এ পর্যন্ত মোট ৩৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৯৫ জন। করোনা পজিটিভ হয়ে উপজেলায় মৃত্যু হয়েছে ৬ জনের। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে একজন রোগী ভর্তি রয়েছেন।

শ্রীমঙ্গলে সিন্দুর খান সড়কের এলাহি জামে মসজিদ থেকে জামেয়া ইসলামিয়া মাদ্রাসা পর্যন্ত সড়কে সব প্রকার ব্যবসাপ্রতিষ্ঠানে লকডাউন জারি করেছে উপজেলা প্রশাসন। শনিবার দুপুরের চিত্র

সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, ‘ঈদের আগে পরিবারের সঙ্গে ঈদ করতে শ্রীমঙ্গল থেকে চাঁপাইনবাবগঞ্জ গিয়েছিলেন ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা। ঈদের পর তাঁদের শ্রীমঙ্গল ফেরার খবর আমাদের কাছে এলে আমরা তাঁদের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করি। এঁদের মধ্যে ১২ জন করোনা পজিটিভ শনাক্ত হন। তাঁদের বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাঁদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ দেওয়া হচ্ছে।’