ডিলাররা ১৬ টাকা কেজিদরের ইউরিয়া সার ১৭-১৮ টাকায় বিক্রি করছেন। প্রতি বস্তা সার কিনতে কৃষকদের ৫০-৮০ টাকা বেশি দিতে হচ্ছে।

বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) তিন ডিলারের বিরুদ্ধে ভর্তুকির সার কালোবাজারে পাচার ও সংকট তৈরি করে বেশি দামে সার বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল বুধবার ভুক্তভোগী কৃষকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সুলভে কৃষকের মধ্যে সার সরবরাহ করার জন্য গৌরনদীর ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় বিসিআইসির ১০ জন ডিলার রয়েছেন। উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ডিলার মেসার্স শিশির কুন্ডু, বার্থী ইউনিয়নের মেসার্স মনির ব্রাদার্স, গৌরনদী পৌরসভার মেসার্স গন্ডেশ্বরী ভান্ডার টরকী বন্দর এলাকায় সার বিক্রি করে। এ ছাড়া খুচরা পর্যায়ে সার বিক্রির জন্য টরকী বন্দরসহ বিভিন্ন হাটবাজারে লাইসেন্স করা আরও ৭২টি সারের দোকান রয়েছে।
ভুক্তভোগী কয়েকজন কৃষক অভিযোগ করেন, চলতি বোরো মৌসুমের শুরু থেকেই অন্য এলাকায় সার পাচার এবং স্থানীয় কৃষকদের কাছে চড়া দামে সার বিক্রি করছেন ডিলাররা। ডিলাররা পার্শ্ববর্তী কালকিনি, বাবুগঞ্জ, মুলাদী উপজেলার বিভিন্ন হাটবাজারে সার বিক্রি করে দিচ্ছেন। এতে স্থানীয় বাজারে সারের সংকট দেখা দিয়েছে। এ বিষয়ে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। ১৬ টাকা কেজিদরের ইউরিয়া সার ১৭-১৮ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি বস্তা সার কিনতে ৫০-৮০ টাকা বেশি দিতে হচ্ছে।
লিয়াকত হোসেন ও কাদের হোসেন নামের দুজন বলেন, গত শুক্রবার টরকী বন্দরের সারের ডিলার শিশির কুন্ডু তাঁর গুদাম থেকে অর্ধশতাধিক বস্তা ইউরিয়া সার ঘাটের দুটি ট্রলারে তোলা হয়েছিল। স্থানীয় লোকজন সার পাচারে বাধা দেন। ডিলার শিশির কুন্ডু তাঁদের হুমকি দেন।
এসব অভিযোগ অস্বীকার করে শিশির কুন্ডু বলেন, ‘অন্য উপজেলার কৃষকেরা গৌরনদী ইউনিয়ন কিংবা পৌরসভার চাষি দাবি করে সার কিনেছেন। তাঁরা কালকিনি, মুলাদীসহ অন্য উপজেলায় সার নিয়ে গেলে আমার কী করার আছে? বেশি দামে সার বিক্রির অভিযোগ সত্য নয়।’
কোনো নির্দিষ্ট এলাকায় ডিলারের জন্য বরাদ্দ করা সার অন্য এলাকায় বিক্রি বা সরবরাহ করা যাবে না বলে জানান উপজেলা সার ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব ও গৌরনদী উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রহমান। তিনি বলেন, বেশি দামে বিক্রির বিষয় কেউ অভিযোগ করেননি। তবে পাচারের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন। অভিযোগের সত্যতা পেয়ে বিষয়টি ইউএনওকে জানিয়েছেন।
উপজেলা সার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইউএনও বিপিন চন্দ্র বিশ্বাস বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক ঘটনায় জড়িত ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের স্বার্থ সংরক্ষণে গুরুত্ব দেওয়া হবে এবং কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।