বাংলাদেশ জাতীয় জাদুঘর
বাংলাদেশ জাতীয় জাদুঘর

আন্তর্জাতিক জাদুঘর দিবস

সংগ্রহে ৯৪ হাজার নিদর্শন, প্রদর্শন হয় মাত্র ৫ হাজার

৩৫টি গ্যালারিতে একবারে সব নিদর্শন প্রদর্শন করতে পারে না জাদুঘর কর্তৃপক্ষ। ফলে একটি সরিয়ে অন্যটি প্রদর্শন করতে হয়।

পারস্য সম্রাট দ্বিতীয় শাহ আব্বাসের নামাঙ্কিত শিরস্ত্রাণ রাখা আছে জাতীয় জাদুঘরের অস্ত্র সংগ্রহশালায়। পনেরো শতকের বিভিন্ন যুদ্ধে ব্যবহৃত গুরুজ, ছুরি, বর্শা, তলোয়ারও আছে এর পাশেই। ন্যায়পরায়ণতার জন্য সুখ্যাত শাহ আব্বাস মোগল সম্রাট শাহজাহানের কাছ থেকে কান্দাহার পুনরুদ্ধার করেছিলেন। প্রায় চার শ বছর আগের সেই তথ্য বিবরণী ভেসে উঠছিল প্রদর্শনী বাক্সের ভেতর রাখা এক ট্যাবে।

রাজধানীর শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘরের কয়েকটি প্রদর্শনী কক্ষে এখন বেশ কিছু ট্যাবে প্রচারিত হয় গুরুত্বপূর্ণ তথ্যচিত্র। হাজার বছর আগের পুরাতত্ত্ব, ঐতিহ্য দেখতে দেখতে সেসবের বর্ণনা জানতে পারেন দর্শনার্থীরা। তবে জানা গেল না পারস্য সম্রাটের নামাঙ্কিত শিরস্ত্রাণটা কেমন করে এল জাতীয় জাদুঘরে।

আজ বুধবার বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক জাদুঘর দিবস। এ বছরের প্রতিপাদ্য ‘দ্য পাওয়ার অব মিউজিয়াম’ বা জাদুঘরের ক্ষমতা। জাদুঘরের ক্ষমতা আসলে কতখানি, তা সুইডিশ স্থপতি মারিও বটটারের একটি উক্তিতেই স্পষ্ট। যুক্তরাষ্ট্রের মডার্ন আর্ট মিউজিয়াম তৈরির সঙ্গে জড়িত এ স্থপতি বলেছেন, জাদুঘর হচ্ছে সেই প্রার্থনাকক্ষ, যেখানে শিল্পের কাছে দাঁড়িয়ে মানুষের কণ্ঠস্বর গাঢ় হয়।

এই যেমন গত সোমবার জাতীয় জাদুঘরের তৃতীয় তলায় মুক্তিযুদ্ধ সংগ্রহশালায় রাখা নির্যাতন চেম্বার দেখে স্মৃতিকাতর হলেন শান্তিবাগ থেকে আসা বর্ষীয়ান আহমেদ খান। স্বাধীনতা যুদ্ধের সময় এই নির্যাতন চেম্বারে ঢুকিয়ে মুক্তিযোদ্ধাদের নানা কৌশলে নির্যাতন করা হতো। চট্টগ্রাম সার্কিট হাউস থেকে সেই যন্ত্র এনে রাখা হয়েছে এখানে।

বিশ্বসভ্যতার নানা নিদর্শনের সামনে দাঁড়িয়ে দ্বিতীয় শ্রেণি পড়ুয়া তুষি নামের এক শিশু উৎফুল্ল হয়ে বলে উঠল, নিজের বইতে সে পিরামিডের ছবি দেখেছে।

জাদুঘর কর্তৃপক্ষ জানায়, জাতীয় বিশেষ দিনগুলোতে জাদুঘর খোলা থাকে এবং শিশু ও বয়স্ক দর্শনার্থীর জন্য বিনা মূল্যে দেখার ব্যবস্থা আছে। তবে স্থান সংকটের কারণে সংগ্রহে যা আছে এর খুব সামান্যই প্রদর্শন করা সম্ভব হয়।

জাতীয় জাদুঘরের ৯৪ হাজার সংগ্রহের মধ্যে মাত্র ৫ হাজার নিদর্শন একবারে প্রদর্শন করা সম্ভব। জাদুঘরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, মাত্র ৩৫টি গ্যালারি আছে। এ জন্য সময়ে সময়ে স্টোর থেকে এনে সংগ্রহের বস্তু বদলে প্রদর্শন করা হয়।

মোস্তাফিজুর রহমান আরও বলেন, জাদুঘরের পেছনে ১৩তলা নতুন ভবন হবে। তবে নির্মাণে সময় লাগবে তিন থেকে চার বছর।

পুরাতাত্ত্বিক নিদর্শনের সংগ্রহ দেখার পাশাপাশি জাতীয় জাদুঘরের গুরুত্বপূর্ণ অংশ গ্রন্থাগারের মূল্যবান বই, ম্যাগাজিন ও জার্নাল। তবে গ্রন্থাগারে প্রবেশের অনুমতি পান শুধু গবেষকেরা। অনুমতি নিয়ে প্রবেশের জন্য আগেই আবেদন করতে হয়। প্রক্রিয়াটি জটিল বলে অভিযোগ আছে। তবে জাদুঘর কর্তৃপক্ষ বলছে, তারা বরং ভালো গবেষকদেরই সন্ধান পান না।

এদিকে পাঁচ বছর ধরে নষ্ট হয়ে আছে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রীদের জাদুঘরে আনা–নেওয়ার বাসটি। সম্প্রতি পাস হওয়া ‘বাংলাদেশ জাতীয় জাদুঘর বিল-২০২২’–এ জাদুঘরের স্থাবর নিদর্শন ধ্বংস বা ক্ষতি করলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড বা ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডের বিধান আছে।

গত সোমবার জাদুঘরের গ্যালারিগুলো ঘুরে দেখা যায়, দায়িত্বরত কর্মীরা খেয়াল রাখছেন, দর্শনার্থীদের কেউ যেন প্রত্নতত্ত্ব বা কোনো নিদর্শন স্পর্শ না করেন। এর মধ্যেও কেউ কেউ নিরাপত্তাকর্মীদের চোখ ফাঁকি দিয়ে ঠিকই মুঠোফোনে ছবি তুলছিলেন।

করোনা মহামারি শুরুর পর থেকে জাতীয় জাদুঘরে প্রবেশের জন্য টিকিট কাটতে হচ্ছে অনলাইনে। প্রতিদিন ১ হাজার ৫০০ জন দর্শনার্থীর টিকিট বরাদ্দ। মুঠোফোনে রেজিস্ট্রেশন করে টিকিট কাটতে গেলে অধিকাংশ সময় ঘুরেফিরে সেই প্রথম দিকের তথ্যই চাইতে থাকে। সরাসরি গেটে গিয়ে অনলাইনে টিকিট কাটতে চাইলেও দেখা যাচ্ছে, সেখানে সহযোগিতার জন্য নির্দিষ্ট বুথ নেই। এ জটিলতায় অনেকে বিরক্ত হয়ে ফিরেও যান বলে জানালেন নাম প্রকাশ না করার শর্তে জাতীয় জাদুঘরের একজন নিরাপত্তাকর্মী।

এ বিষয়ে জাদুঘর কর্তৃপক্ষ বলছে, করোনা পরিস্থিত পুরোপুরি নিয়ন্ত্রণে এলে আগের মতো সশরীর উপস্থিত হয়ে টিকিট কাটা যাবে। অনলাইনের ব্যবস্থাও চালু থাকবে।