
টাঙ্গাইলের বাসাইলে সংসদ সদস্য জোয়াহেরুল ইসলামের বিরুদ্ধে আবারও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বিকেলে তিনি বাসাইল উপজেলার সদর ইউনিয়নের তিনটি স্থানে বহর নিয়ে গিয়ে নির্বাচনী জনসভায় অংশ নেন বলে জানা গেছে।
স্থানীয় লোকজন জানিয়েছেন, এসব জনসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সোহানুর রহমান সোহেলের পক্ষে ভোট চান টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের এই সংসদ সদস্য। তিনি ইউনিয়নের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান। এ ছাড়া ইউনিয়নের নানা উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
এর আগে গত ৩১ মে সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়নের এক দিনে চারটি স্থানে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে পথসভায় অংশ নেন সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম। এ বিষয়ে প্রথম আলোর অনলাইনে একটি সংবাদ প্রকাশিত হয়।
১৫ জুন বাসাইল উপজেলার সদর ও কাশিল ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বাসাইল সদর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছাড়াও আরও তিনজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। এর মধ্যে শরিফুল ইসলাম ওরফে সোহেল (আনারস) আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। এ কারণে তাঁকে ইউনিয়ন যুবলীগের সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম বহর নিয়ে আজ বিকেল চারটার দিকে সদর ইউনিয়নের মিরিকপুর বাজারে প্রথম পথসভায় অংশ করেন। এরপর তিনি পর্যায়ক্রমে নাইকেনবাড়ীর ঈশ্বরগঞ্জ বাজার ও রাসরা বাজারে নির্বাচনী পথসভায় বক্তব্য দেন। এ সময় তাঁর সঙ্গে শতাধিক তরুণ মোটরসাইকেল নিয়ে অংশ নেন।
সংসদ সদস্য একজন আইনজীবী হয়েও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ক্ষোভ প্রকাশ করেছেন ওই ইউনিয়নের তিনজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী। তাঁরা আগামীকাল শনিবার প্রধান নির্বাচন কমিশনারের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দেবেন বলে জানিয়েছেন বাছেদুল আলম (চশমা প্রতীক) নামের একজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী।
ওই ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী শরিফুল ইসলাম ওরফে সোহেল অভিযোগ করেন, স্থানীয় সংসদ সদস্য এভাবে বহর নিয়ে নৌকা প্রতীকের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। নৌকা প্রতীকের কর্মী ও বহিরাগত সন্ত্রাসীরা নির্বাচনের দিন ভোটকেন্দ্র দখল করে নেবে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
এ বিষয়ে ইউপি নির্বাচন আচরণ বিধিমালা অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়ার এবং সব প্রার্থীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি জানান শরিফুল ইসলাম।
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের বিষয়ে কথা বলতে সংসদ সদস্য জোয়াহেরুল ইসলামের মুঠোফোনে আজ রাতে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।
এ বিষয়ে টাঙ্গাইলের বাসাইল উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মনি শংকর রায় প্রথম আলোকে বলেন, বিধি অনুযায়ী কোনো সংসদ সদস্য নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারেন না। বিষয়টি জেলা নির্বাচন কর্মকর্তাকে জানানো হবে।