
টাঙ্গাইলের সখীপুরের দুটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটের লড়াইয়ের আগে প্রতীক নিয়ে হয়ে গেল আরেক লড়াই। আজ শুক্রবার উপজেলার গজারিয়া ও দাড়িয়াপুর ইউনিয়নের বেশির ভাগ সাধারণ সদস্য পদপ্রার্থী মোরগ ও ফুটবল প্রতীক দাবি করেন। সংরক্ষিত নারী সদস্যদের পছন্দের প্রতীক ছিল মাইক। একই প্রতীক একাধিক প্রার্থী দাবি করায় লটারির মাধ্যমে এর সমাধান করা হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, গজারিয়া ও দাড়িয়াপুর ইউপির নির্বাচন আগামী ১৫ জুন। আজ ছিল প্রতীক বরাদ্দের দিন। সকাল নয়টা থেকেই স্বতন্ত্র চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য প্রার্থীরা কর্মী–সমর্থকদের নিয়ে উপজেলা পরিষদ চত্বরের মিলনায়তনে উপস্থিত হন।
উপজেলার গজারিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চারজন সদস্য প্রার্থী মোরগ প্রতীক দাবি করেন। রিটার্নিং কর্মকর্তা নিজেদের মধ্যে সমঝোতা করতে বললে কেউ রাজি হননি। পরে লটারির মাধ্যমে মোরগ প্রতীক পেয়ে সন্তোষ প্রকাশ করেন ওই ওয়ার্ডের সদস্য প্রার্থী জামাল হোসেন।
অন্যদিকে মোরগ প্রতীক না পেয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক সিরাজুল ইসলাম বলেন, প্রতীক কিছু নয়, জনগণ যাঁকে ভোট দেবেন সেই জয়ী হবেন। তবে মোরগ প্রতীকটা সবার পরিচিত। লটারিতে হেরে অবশেষে তালা প্রতীক নিতে হয়েছে।
একই ইউনিয়নের ১ নম্বর (১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড) সংরক্ষিত নারী আসনের সদস্য প্রার্থী আরজিনা আক্তার ও আরজিনা খাতুন দুজনেরই পছন্দের প্রতীক ছিল মাইক। কেউই সমঝোতায় রাজি না হওয়ায় অবশেষে লটারি করা হয়। এতে পছন্দের প্রতীক পেয়ে উৎফুল্ল আরজিনা আক্তার বলেন, শুরুতেই মন ভালো হলো। শেষটাও যেন ভালো হয়।
উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তিনজন সদস্য প্রার্থী। সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম গতবার ফুটবল প্রতীক নিয়ে জয়ী হয়েছিলেন। এবারও তাঁর পছন্দ ফুটবল। বাকি দুই প্রার্থী তাঁর অনুরোধে ফুটবল প্রতীক ছেড়ে দেন। কিন্তু ওই দুই প্রার্থীর কেউ মোরগ প্রতীক ছেড়ে দিতে রাজি হননি। শেষে লটারিতে আবু তালেব ওরফে ঠাণ্ডু মোরগ প্রতীক জিতে নেন। নাসিম সিদ্দিকী বাধ্য হয়ে টিউবওয়েল প্রতীক বেছে নেন।
দুটি ইউনিয়ন পরিষদের রিটানিং কর্মকর্তা উপজেলা নির্বাচন কর্মকর্তা আতাউল হক। তিনি বিকেলে প্রথম আলোকে বলেন, দুই ইউনিয়নে প্রায় প্রতিটি ওয়ার্ডে একাধিক প্রার্থী মোরগ ও ফুটবল প্রতীক দাবি করেন। সংরক্ষিত নারী সদস্যদের পছন্দের প্রতীক ছিল মাইক। তাঁদের মধ্যে সমঝোতার সুযোগ দেওয়া হলেও তা অমীমাংসিতই থেকে যায়। বাধ্য হয়েই লটারি করতে হয়েছে।