সন্দ্বীপে করাতকলে বৃদ্ধের হাতের কবজি বিচ্ছিন্ন

চট্টগ্রাম জেলার মানচিত্র
চট্টগ্রাম জেলার মানচিত্র

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার ধোপারহাটে করাতকলে গাছ চেরাই করার সময় আবদুল সাত্তার ওরফে মানিক (৬০) নামের এক বৃদ্ধের বাঁ হাত কবজি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা আবদুল সাত্তারকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

আহত আবদুল সাত্তার উপজেলার মুছাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খুনিয়ারগো বাড়ির বাসিন্দা।

আহত আবদুল সাত্তারের নাতি আবদুর রহমান প্রথম আলোকে বলেন, রোববার সকালে নিজেদের কিছু গাছ নিয়ে ধোপারহাটের দক্ষিণ পাশের করাতকলে (স মিলে) যান তাঁর দাদা। সকাল ১০টার দিকে দাদাসহ কয়েকজন একটি গাছ করাতকলে তোলেন। এ সময় হঠাৎ তাঁর (দাদার) বাঁ হাত করাতকলে কেটে কবজি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় তিনি পায়েও আঘাত পান। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় কারও বিরুদ্ধে তাঁদের কোনো অভিযোগ নেই।