বেড়া উপজেলা আওয়ামী লীগ

সভাপতি হলেন আসিফ শামস, সাধারণ সম্পাদক আবু সাঈদ

আসিফ শামস ও আবু সাঈদ
ছবি : প্রথম আলো

আট বছর পর পাবনার বেড়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ রোববার অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে মতামতের ভিত্তিতে বেড়া পৌরসভার মেয়র আসিফ শামসকে সভাপতি ও মনজুর কাদের মহিলা কলেজের প্রভাষক আবু সাঈদের নাম সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে।

এর আগে গত ১১ ফেব্রুয়ারি এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কেন্দ্রীয় নির্দেশে সম্মেলন স্থগিত করা হয়। আজ বেলা ১১টায় বেড়া সরকারি বিপিন বিহারী পাইলট উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোজাম্মেল খানের সভাপতিত্বে সম্মেলন শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন দলের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা। আরও বক্তব্য দেন পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আবদুল আউয়াল প্রমুখ। সম্মেলনের শেষের দিকে রোকেয়া সুলতানা কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।

উপজেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০১৪ সালের ২৯ নভেম্বর বেড়া উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ওই সম্মেলনের পর বেড়া পৌরসভার তৎকালীন মেয়র আবদুল বাতেন সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রয়াত আবদুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। ২০২০ সালের ১৪ এপ্রিল আবদুল বাতেনকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদ থেকে অব্যাহতি দিয়ে অনিল কুমার সাহাকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়। একই বছরের ১০ সেপ্টেম্বর করোনায় আবদুল কাদের মারা গেলে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পান আবদুর রশীদ।

২০১৩ সালে পাবনার বেড়া উপজেলার পাঁচটি ও সুজানগর উপজেলার তিনটি ইউনিয়ন নিয়ে আমিনপুর থানা গঠিত হয়। এই থানা গঠিত হওয়ার পর থেকেই এলাকার নেতা-কর্মীরা নতুন সাংগঠনিক এলাকা ঘোষণার দাবি জানিয়ে আসছিলেন। এর পরিপ্রেক্ষিতে গত ৩০ জানুয়ারি আমিনপুর থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এর আহ্বায়ক করা হয় অনিল কুমার সাহাকে। এর ফলে বেড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির পদটিও তখন শূন্য হয়ে যায়।

এ অবস্থায় ১১ ফেব্রুয়ারি বেড়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। কিন্তু এর তিন দিন আগে কেন্দ্রীয় নির্দেশে জেলা কমিটি সম্মেলন স্থগিত করে দেয়। একই সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ওয়াজেদ আলী খানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।