
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে ইয়োলো-বিল্ড সি স্নেক নামে একটি বিরল প্রজাতির বিষধর সাপ দেখতে পেয়েছেন স্থানীয় লোকজন। গত বুধবার সকালে সাপটি কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট থেকে পূর্ব দিকে অবস্থিত জাতীয় উদ্যান এলাকায় ভেসে আসে।
কুয়াকাটা সৈকতের পরিবেশ-প্রতিবেশ নিয়ে কাজ করা সংগঠন ব্লু-গার্ডের স্বেচ্ছাসেবক কে এম বাচ্চু বলেন, বুধবার সকালের জোয়ারের পানির সঙ্গে সাপটি ভেসে আসে এবং জাতীয় উদ্যানের লতাগুল্মের মধ্যে ঢুকে পড়ে। এ সময় স্থানীয় লোকজন সাপটি দেখতে পান। আবার সাপটি জোয়ারের পানির সঙ্গে সাগরের দিকে নেমে যায়। খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে সাপটি দেখতে পান। তিনি আরও বলেন, ‘সাপটি দেখতে পেয়ে স্থানীয় কয়েকজন ছবি তুলে রেখেছিলেন। আমি সেই ছবি দেখেছি। এর আগে এ ধরনের বিরল প্রজাতির সাপ আমরা এই সৈকতে আর দেখতে পাইনি। সাপটির পেটের নিচের দিকের অংশের রং হলুদ। দেহের উপরিভাগ কালো। কালো-হলুদের সংমিশ্রণে সাপটি দেখতে খুবই সুন্দর।’
উপকূলের পরিবেশ-প্রতিবেশ, সমুদ্রের নীল অর্থনীতি নিয়ে কাজ করা গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ অ্যাকটিভিটির পটুয়াখালী জেলার সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, বিশ্বের স্থল ও সমুদ্রভাগের সব সাপের মধ্যে এটা বিষধর হিসেবে চতুর্থতম বলে তাঁরা জানতে পেরেছেন। এমন সাপ সচরাচর দেখা যায় না। ২০২১ সালের জুন মাসে কক্সবাজার সমুদ্রসৈকতে এই সাপ দেখতে পাওয়া যায়। এর আগে ২০২০ সালেও কক্সবাজারে সাপটি দেখা যায়।
গবেষক সাগরিকা স্মৃতি আরও বলেন, হলুদ পেটের সামুদ্রিক সাপ উষ্ণ জলে বংশবৃদ্ধি করে। এই সাপের ওভোভিভিপারাস এবং গর্ভধারণের সময়কাল প্রায় ছয় মাস। এই প্রজাতিটি মৌসুমি খরার সময় সাত মাস পর্যন্ত মারাত্মক ডিহাইড্রেশনে বেঁচে থাকতে পারে। কখনো কখনো এরা সমুদ্রের ড্রিফ্ট লাইনে জলের পৃষ্ঠে চলাচল করে। আশ্রয়ের খোঁজে থাকা পেলাজিক মাছকে আকৃষ্ট করার জন্য এরা জলের উপরিভাগে ভেসে শিকার করে। পেছনের দিকে সাঁতার কাটার ক্ষমতা এই প্রজাতির সাপের একটি অস্বাভাবিক এবং স্বতন্ত্র বৈশিষ্ট্য।