
রাজশাহী থেকে মাছভর্তি ট্রাক নিয়ে রাতভর যাত্রা করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পৌঁছে দেন। মালিককে মাছ বুঝিয়ে দিয়ে আবারও রাজশাহীতে ফিরে যাচ্ছিলেন। পথে সরাইল উপজেলা সদরের পশ্চিম কুট্টাপাড়া এলাকার একটি পেট্রলপাম্পের সামনে থেমে ট্রাকের নিচে বিশ্রাম নিচ্ছিলেন। একসময় ট্রাকের নিচেই দুপুরে ঘুমিয়ে পড়েন চালক জিয়ারুল হক (২৮)।
আজ শনিবার বেলা দুইটার দিকে পেছন থেকে আরেকটি ট্রাক তাঁর ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে নিজের ট্রাকের চাকায় পিষ্ট হন জিয়ারুল। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। জিয়ারুল রাজশাহীর পুঠিয়া উপজেলার বিরালদই গ্রামের নাছের আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী কয়েক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, জিয়ারুল হক রাজশাহী থেকে মাছভর্তি ট্রাক নিয়ে আজ দুপুরে সরাইলে এসেছিলেন। ফেরার পথে নিজের ট্রাকের নিচে ছায়ায় বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় অন্য একটি ট্রাকের ধাক্কায় নিজের ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিনি নিহত হন।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখেন্দ্র বসু প্রথম আলোকে বলেন, লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। পেছন থেকে ধাক্কা দেওয়া ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে থানায় মহাসড়ক আইনে মামলার প্রস্তুতি চলছে।