সরিষাবাড়ীতে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের চালক ও আরোহী নিহত

ট্রেন দুর্ঘটনা
প্রতীকী

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ট্রেনের ধাক্কায় আলী হাসান (৩২) ও সুলতান মাহমুদ (৩০) নামের মোটরসাইকেলের চালক ও আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার বিকেলে পৌর এলাকার আরামনগর জামতলা রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলী হাসান সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মোনাকষা গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে। তিনি মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। অন্যদিকে মোটরসাইকেল আরোহী সুলতান মাহমুদ সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল বিলপাড়া গ্রামের মুজিবুর রহমানের ছেলে।

সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন ও প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বিকেলে সরিষাবাড়ী থেকে ধলেশ্বরী মেইল ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনের উদ্দেশে ছেড়ে যায়। ট্রেনটি পৌর এলাকার আরামনগর জামতলা রেলক্রসিং এলাকায় পৌঁছালে ওই মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের চালক আলী হাসান ও আরোহী সুলতান মাহমুদ সড়কের পাশে ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

সরিষাবাড়ী রেলস্টেশনের মাস্টার আবুল কালাম হাওলাদার ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে দুজন নিহতের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। সরিষাবাড়ী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, নিহত দুজনের লাশ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।