সরিষাবাড়ী ইউএনওর কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি

আগুনে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষ পুড়ে গেছে
ছবি: প্রথম আলো

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। আজ সোমবার জামালপুরের জেলা প্রশাসক মুর্শিদা জামান ওই কমিটি গঠন করে দেন।

স্থানীয় সরকার বিভাগ জামালপুরের উপপরিচালক দিলরুবা আহম্মেদকে কমিটির প্রধান করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন এলজিইডি জামালপুরের নির্বাহী প্রকৌশলী মো. সাইদুজ্জামান ও জামালপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান।

ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার সকাল সাতটার দিকে হঠাৎ ইউএনও উপমা ফারিসার কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ইউএনওর কক্ষের সব আসবাব ও গুরুত্বপূর্ণ ফাইল পুড়ে যায়। ওই ঘটনায় আজ প্রথম আলোর ময়মনসিংহ সংস্করণে ‘সরিষাবাড়ীর ইউএনওর কক্ষে আগুন’ শীর্ষক শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। তবে আগুনের সূত্রপাত কোথা থেকে, তা জানা যায়নি। আগুন লাগার কারণ অনুসন্ধানে আজ জেলা প্রশাসক তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেন।

তদন্ত কমিটির সদস্য ও এলজিইডি জামালপুরের নির্বাহী প্রকৌশলী মো. সাইদুজ্জামান প্রথম আলোকে বলেন, কোথা থেকে আগুন লেগেছে, সেটা উদ্‌ঘাটনের জন্য আগামীকাল মঙ্গলবার তদন্ত শুরু করা হবে।

ইউএনও উপমা ফারিসা বলেন, ‘আমার কক্ষে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনায় জেলা প্রশাসক মুর্শিদা জামান তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন।’