সাঁতার শিখতে গিয়ে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

পানিতে ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় একটি পুকুরে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার জৈনাবাজার এলাকায় এই ঘটনা ঘটে।

মারা যাওয়া কিশোরের নাম সাইদুর রহমান (১৪)। সে বিরামপুর উপজেলার গোপালপুর গ্রামের সাজ্জাদুর রহমানের ছেলে। শ্রীপুরের জৈনাবাজার এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকত সে। স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ত সাইদুর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাইদুর প্রায়ই সাঁতার শেখার জন্য বন্ধুদের নিয়ে পুকুরে যেত। রোববার সকাল ১০টার দিকে সে তার কয়েক বন্ধুর সঙ্গে পুকুরে সাঁতার শিখতে নামে। কলাগাছ ধরে সাইদুর পুকুরের পাড় থেকে কিছুটা দূরে চলে যায়। হঠাৎ কলাগাছ থেকে তার হাত ফসকে পানিতে তলিয়ে যায়। বন্ধুদের চিৎকারে আশপাশের লোকজন এসে পুকুরে নেমে সন্ধান চালান। পরে বেলা একটার দিকে পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, পুকুরে ডুবে কিশোরের মৃত্যু হয়েছে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।