সাতক্ষীরায় কোভিডের উপসর্গ নিয়ে এক ব্যবসায়ীর মৃত্যু

ছবি রয়টার্স
ছবি রয়টার্স

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-১৯-এর উপসর্গ নিয়ে এক ব্যবসায়ীর (৬০) মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর চারটার দিকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে তিনি মারা যান। তিনি জেলার কলারোয়া উপজেলারবাসিন্দা।

হাসপাতালের তত্ত্বাবধায়ক রফিকুল ইসলাম জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গতকাল বুধবার রাত ১০টার দিকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হয়েছিলেন কলারোয়া উপজেলার ওই ব্যবসায়ী। আজ ভোর চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর পর তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে।

সাতক্ষীরার সিভিল সার্জন হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বাস্থ্যবিধি মেনে তাঁর লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ছাড়া স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে তাঁর বাড়ি লকডাউন (অবরুদ্ধ) করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সাতক্ষীরায় কোভিড-১৯ রোগের উপসর্গ নিয়ে এ পর্যন্ত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন অন্তত ৫৬ জন। পরে নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে ১১ জনের।