
সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক কলহের জের ধরে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার ভোরে উপজেলার গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় জড়িত অভিযোগে ওই গৃহবধূর স্বামীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।
নিহত গৃহবধূর নাম আশরাফুন্নেছা (৪২)। তিনি গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী গ্রামের সফিকুল ইসলামের স্ত্রী।
আশরাফুন্নেছার ভাই রেজাউল গাজী বলেন, তাঁর বোন ছিলেন সফিকুলের প্রথম স্ত্রী। আশরাফুন্নেছা অন্তঃসত্ত্বা ছিলেন। আশরাফুন্নেছা ও সফিকুলের সংসারে দুই ছেলে ও চার মেয়ে আছে। তবে কয়েক মাস আগে সফিকুল দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় বিয়ে নিয়ে তাঁর বোন আপত্তি করায় পারিবারিক কলহ শুরু হয়। এর জেরে সফিকুল প্রায়ই আশরাফুন্নেছাকে মারধর করতেন। আজ ভোরে আশরাফুন্নেছাকে মারধর করার পর সফিকুল তাঁকে শ্বাসরোধে হত্যা করেছেন বলে তিনি দাবি করেন।
নিহত গৃহবধূর মেয়ে শরিফা খাতুন বলে, তার বাবা প্রায়ই মাকে মারধর করতেন। গতকাল রাতেও মারধর করেছিলেন। এতে তার মা অসুস্থ হয়ে পড়েন। আজ ভোরের দিকে তাঁর মা বিছানায় শুয়ে ছিলেন। এ সময় তার বাবা মায়ের মুখের ওপর বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেন। পরে তার বাবা পালিয়ে যাওয়ার সময় সে চিৎকার করলে আশপাশের লোকজন এসে তার বাবাকে আটক করেন।
গাবুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জি এম মাসুদুল আলম বলেন, আশরাফুন্নেছা কয়েক মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গেছে। সফিকুলের দ্বিতীয় বিয়ে নিয়ে সংসারে কলহ ছিল বলে পরিবারের লোকজন জানিয়েছেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সফিকুল তাঁর প্রথম স্ত্রী আশরাফুন্নেছাকে শ্বাসরোধে হত্যা করেছেন। এলাকাবাসীর সহায়তায় ঘটনাস্থল থেকেই সফিকুলকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।