
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় একটি ভাড়া বাড়ি থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত ১২টার দিকে উপজেলা সদরের বাজারগ্রাম রহিমপুর এলাকার একটি বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ওই গৃহবধূর নাম রোজিনা পারভীন (৩০)। তিনি কালীগঞ্জ উপজেলার সদরের বাজারগ্রাম কাশেমপুর এলাকার মোহাম্মদ রায়হান আলীর মেয়ে ও ঝিনাইদহের কোটচাঁদ উপজেলার মোহরপুর এলাকার শফিকুল ইসলামের স্ত্রী।
রোজিনার বাবা মোহাম্মদ রায়হান আলী বলেন, তাঁর মেয়ের সঙ্গে বছর পাঁচেক আগে ঝিনাইদহের কোটচাঁদ উপজেলার শফিকুল ইসলামের বিয়ে হয়। এর পর থেকে তাঁরা পাশের গ্রাম বাজারগ্রাম রহিমপুর এলাকার একটি বাড়িতে ভাড়াটে হিসেবে বসবাস করতেন। পাঁচ-ছয় মাস ধরে তাঁদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। তিনি ধারণা করছেন, এর জেরেই শফিকুল তাঁর মেয়েকে শ্বাসরোধে হত্যা করেছেন। পরে ঘরে তালা ঝুলিয়ে পালিয়ে গেছেন।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক বেলাল হোসেন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালাবদ্ধ ঘর থেকে রোজিনা পারভীনের লাশ উদ্ধার করেন। তাঁর লাশ মেঝেতে পড়ে ছিল।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, রোজিনাকে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁর স্বামী শফিকুল ইসলাম মারপিট করার পর তাঁকে শ্বাসরোধে শনিবার রাতেই হত্যা করেছেন। পরে ঘরে তালা দিয়ে তিনি পালিয়ে গেছেন। আজ সোমবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সকাল পৌনে ১০টা পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। কেউ মামলা না দিলে পুলিশ বাদী হয়ে মামলা করবে। শফিকুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।