শিল্পকলায় অবদানের জন্য সাত গুণী ব্যক্তি ও দুই সংগঠনকে সম্মাননা জানিয়েছে ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমি। গত শনিবার সন্ধ্যার পর ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে সম্মাননা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা প্রদান করেন। এ ছাড়া ময়মনসিংহ বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তারা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
২০১৮ ও ২০১৯ সালে সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিদের গত শনিবার রাতে সম্মাননা দেওয়া হয়।
২০১৮ সালের সম্মাননাপ্রাপ্তরা হলেন কণ্ঠসংগীতে আমজাদ হোসেন, নাট্যকলায় সাইফুল ইসলাম, আবৃত্তিতে সারওয়ার জাহান ও আঞ্চলিক সৃজনশীল সংগঠন ক্যাটাগরিতে ঝিলিক নাট্য সংগঠনকে সম্মাননা দেওয়া হয়। ২০১৯ সালের সম্মাননা লাভ করেন কণ্ঠসংগীতে বাউল সুনীল কর্মকার, নৃত্যকলায় জয়নাল আবেদিন, নাট্যকলায় নিয়াজ মল্লিক, আবৃত্তিতে আনোয়ারা সুলতানা ও স্থানীয় সৃজনশীল সংগঠন হিসেবে সম্মাননা পায় সন্দীপন সাংস্কৃতিক সংগঠন।
প্রধান অতিথি সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনেরও সাংসদ।
অনুষ্ঠানে ময়মনসিংহের জেলা প্রশাসক সুভাষ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগের কমিশনার মাহমুদ হাসান, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. ইকরামুল হক, ময়মনসিংহের পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন।
সম্মাননা অনুষ্ঠান শেষে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।