
যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে মানুষের আসা থেমে নেই। আজ রোববার দুপুর পর্যন্ত ১৪০ জন দেশে প্রবেশ করেছেন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখার জন্য তাঁদের খুলনায় পাঠানো হচ্ছে।
গত ২৬ এপ্রিল থেকে এ পর্যন্ত ১ হাজার ১৭১ জন দেশে ফিরেছেন। এরমধ্যে ৪০৯ জনকে নড়াইল ও খুলনা এবং ৭৬২ জনকে যশোরের বিভিন্ন আবাসিক হোটেল ও মাদ্রাসায় কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
অভিযোগ রয়েছে, কোয়রেন্টিনে থাকা ব্যক্তিরা স্বাস্থ্যবিধি ঠিকমতো মানছেন না। সুযোগ পেলেই তাঁদের অনেকে বাইরে গিয়ে ঘোরাফেরা করছেন।
এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামান বলেন, ‘প্রতিটি হোটেলে একজন করে সরকারি কর্মকর্তাকে দেখভালের জন্যে সংযুক্ত করা হয়েছে। আমরা কঠোরভাবে বিষয়টি ব্যবস্থাপনার চেষ্টা করছি।’
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আজ বেনাপোল দিয়ে আগত যাত্রীর সংখ্যা ১৪০। আরও ৫০ জনের ইমিগ্রেশন সম্পন্ন হয়েছে। সন্ধ্যার আগে যাঁরা ইমিগ্রেশন শেষ করতে পারবেন, তাঁদের খুলনায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হবে। সন্ধ্যার পর যাঁরা আসবেন, তাঁদের সুবিধার্থে যশোরে রাখা হবে। এ পর্যন্ত নড়াইলে ১০১ জন ও খুলনায় ১১৮ জনকে পাঠানো হয়েছে।