স্কুল-কলেজে যাতায়াতে শিক্ষার্থীদেরও বিড়ম্বনায় পড়তে হচ্ছে। কেউ অসুস্থ হলে হাসপাতালে নিতে চরম বিপাকে পড়তে হয়।

সাত বছর আগে বন্যায় মানিকগঞ্জের ঘিওর উপজেলার কুস্তা এলাকায় জনগুরুত্বপূর্ণ ঘিওর-শ্যামগঞ্জ সড়কের সামান্য অংশ নদীতে ধসে যায়। দীর্ঘদিনেও ধসে যাওয়া অংশ মেরামত (ভরাট) না করায় যাতায়াতে আশপাশের দুটি উপজেলার মানুষ ভোগান্তির শিকার হচ্ছে।
গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, ঘিওর-শ্যামগঞ্জ সড়কের কুস্তা এলাকায় এবং দৌলতপুরের চর জিয়নপুর এলাকায় সামান্য অংশ ধলেশ্বরী নদীতে ধসে গেছে। এ কারণে ভোগান্তিতে পড়েছে এই সড়কের যাত্রীরা। সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহনে যাত্রীদের ঘিওর বাসস্ট্যান্ড থেকে প্রায় কুস্তা পর্যন্ত যেতে হচ্ছে। এরপর ধসে যাওয়া অংশে উঁচু-নিচু নদীর তীর হয়ে হেঁটে পশ্চিম কুস্তা যেতে হচ্ছে। পরে সেখানে থেকে আবার তিন চাকার বিভিন্ন যানবাহনে করে চর জিয়নপুর এলাকায় গিয়ে নামতে হচ্ছে। সেখানে ধসে যাওয়া প্রায় ৩০০ মিটার অংশ হেঁটে পার হয়ে আবার ছোট যানে করে শ্যামগঞ্জ পর্যন্ত যাচ্ছেন যাত্রীরা। তিন দফা যানবাহন পরিবর্তন করে যাত্রীদের অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যেতে হচ্ছে।
ভুক্তভোগী এলাকাবাসী জানান, ঘিওর সদর থেকে দৌলতপুর উপজেলা শ্যামগঞ্জ পর্যন্ত প্রায় আট কিলোমিটার সড়ক। ২০১৪ সালের বন্যায় সড়কটির ঘিওরের কুস্তা এলাকায় প্রায় ৪০০ মিটার ও দৌলতপুর উপজেলার চর খলসি এলাকায় প্রায় ৩০০ মিটার অংশ পাশের ধলেশ্বরী নদীতে ধসে যায়। এই সড়ক দিয়ে ঘিওর ও দৌলতপুর—এই দুই উপজেলার ছয়টি ইউনিয়নের অন্তত ৩০ হাজার মানুষ যাতায়াত করে। দীর্ঘ সাত বছরে ধসে যাওয়া এই সামান্য অংশ মেরামত না করায় এসব মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
কুস্তা গ্রামের কুদরত হোসেন বলেন, শুধু এলাকাবাসীর চলাচলে নয়, চালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পরিবহনে খুব সমস্যা হচ্ছে। ধান, ভুট্টা, শর্ষেসহ বিভিন্ন কৃষিপণ্য পরিবহনেও ভোগান্তিতে রয়েছেন কৃষকেরা। স্কুল-কলেজে যাতায়াতে শিক্ষার্থীদেরও বিড়ম্বনায় পড়তে হচ্ছে। কেউ অসুস্থ হলে হাসপাতালে নিতে দুর্ভোগে পড়তে হয়।
দৌলতপুরের ইসলামপুর গ্রামের এবং মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী ওমর ফারুক বলেন, বেহাল এই সড়কের কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে। যাতায়াতের ভাড়াও বেশি দিতে হচ্ছে।
এদিকে ধসে যাওয়া অংশে মেরামত না করায় যাত্রীদের অতিরিক্ত ভাড়া দিয়ে যাতায়াত করতে হচ্ছে। পাশাপাশি স্থানীয় ছোট যানবাহনের মালিক ও শ্রমিকদের উপার্জনও কমে গেছে।
ঘিওর সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অহিদুল ইসলাম বলেন, উপজেলার উন্নয়ন সভায়ও সড়কটি মেরামতের কথা তিনি উত্থাপন করেছেন। দুই দফায় কুস্তা এলাকায় ধসে যাওয়া অংশ মেরামতে মাটি দিয়ে ভরাট করা হয়। তবে নদীতে তা ধসে গেছে। ওই সড়ক নির্মাণে ইউনিয়ন পরিষদের সামর্থ্য নেই।
দৌলতপুরের বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, ওই সড়কটি দিয়ে যাতায়াতে সমস্যা হওয়ায় তাঁর ইউনিয়নের অনেকে নদীপথে জাফরগঞ্জ হয়ে জেলা শহরে চলাচল করেন। এতে অতিরিক্ত সময় ও যাতায়াতে টাকা খরচ হয়।
সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন। এ ব্যাপারে গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার বিভিন্ন সময়ে এলজিইডির ঘিওর উপজেলা প্রকৌশলী সাজ্জাকুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি তা ধরেননি। মুঠোফোনে খুদে বার্তা পাঠালেও তিনি সাড়া দেননি।
সড়কটির বিষয়ে কথা হলে ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হামিদুর রহমান বলেন, জনগুরুত্বপূর্ণ সড়কটি মেরামতে পদক্ষেপ নেওয়া হবে।